ইরানে শক্তিশালী ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশে আজ সোমবার সকালে রিখটার স্কেলে ৬ দশমিক ১ তীব্রতার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, তাত্ক্ষণিকভাবে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূকম্পনের তীব্রতা ছিল ৬ দশমিক ৩। ইরাক সীমান্তবর্তী আবদানান শহরের ৩৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল সাতটা দুই মিনিটে মুর-মুরি শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে।

রেডক্রসের একজন কর্মকর্তা বলেন, সৌভাগ্যবশত এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকজন আহত হয়েছে। এ ছাড়া অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, আহত অন্তত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।