ইরানে সরকারের সমর্থনে হাজারো মানুষ

ইরানে সরকারের সমর্থনে মিছিল বের করেছে হাজারো মানুষ। দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ চললেও অনেকেই যে সরকারের পক্ষে আছে, তা দেখাতেই এ মিছিল। আজ বুধবার রাষ্ট্রীয় টেলিভিশন ইরাননিউজনেটওয়ার্কের ফুটেজে এ দৃশ্য দেখা যায় বলে এএফপির খবরে বলা হয়।
ফুটেজ দেখা যায় আহভাজ, কারম্যানশাহ, গোরগানসহ কয়েকটি শহরের মধ্য দিয়ে লোকজন সরকারের সমর্থনে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। তাদের হাতে ইরানের পতাকা, ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি।
মিছিল থেকে তারা ‘নেতা, আমরা প্রস্তুত’, ‘আমরা আমাদের নেতার জন্য রক্ত দেব’—এমন স্লোগান দিচ্ছিল। তাদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল ‘রাষ্ট্রদ্রোহীতে মৃত্যু চাই’।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও দেশটিতে চলমান অর্থনৈতিক বৈষম্যের প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে সরকারবিরোধী বিক্ষোভে ফুঁসছে ইরান। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে প্রথম বিক্ষোভের সূচনা। এরপর রাজধানী তেহরান, কেরমানশাহসহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভের লক্ষ্য ক্ষমতাসীন ধর্মীয় নেতারা। এরই মধ্যে চলমান সরকারবিরোধী বিক্ষোভে ২১ জন নিহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন শত শত মানুষ।
গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে খামেনি বলেন, ‘ইরানে সংকট সৃষ্টি করতে শত্রুরা ঐক্যবদ্ধ হয়েছে। তারা অর্থ, অস্ত্র, নীতি, নিরাপত্তা কৌশলসহ সবকিছু ব্যবহার করছে। তারা সব সময় ইরানের বিরুদ্ধে সুযোগের সন্ধানে থাকে।’