ইরানে ১০ মার্কিন নাবিক আটক, এক দিন পর মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপসাগরীয় অঞ্চলে ইরানি জলসীমায় প্রবেশের অভিযোগে যুক্তরাষ্ট্রের দুটি ছোট টহল নৌযান থেকে ১০ নাবিককে গত মঙ্গলবার আটক করে ইরান। অবশ্য পরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপের পর গতকাল বুধবারই তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। খবর এএফপি ও বিবিসির।
এমন এক সময়ে এ ঘটনা ঘটল, যখন তেহরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে গত বছর সম্পাদিত একটি চুক্তি বাস্তবায়নের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে নানা ইস্যুতে দেশ দুটির মধ্যে উত্তেজনা এখনো রয়ে গেছে।
তেহরানের কর্মকর্তাদের ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রের টহল নৌযান দুটি ইরানের জলসীমায় প্রবেশ করেছিল। এরপর ইরানের প্রভাবশালী রেভল্যুশনারি গার্ডসের নৌবাহিনী তাদের আটক করে।
ইরানের বার্তা সংস্থাগুলোর খবরে বলা হয়, আটক ১০ নাবিকের মধ্যে নয়জন পুরুষ ও একজন নারী। তাঁদের বহনকারী নৌযান দুটি লম্বায় ৬৫ ফুটেরও কম। এতে তিনটি মেশিনগান রয়েছে। আর নৌযানে থাকা জিপিএসের তথ্যই বলছে, নৌযান দুটি ইরানের জলসীমায় প্রবেশ করেছিল।
মার্কিন কর্মকর্তারাও ইরানের এমন দাবি প্রত্যাখ্যান করেননি। তাঁদের ভাষ্য, কুয়েত থেকে বাহরাইন যাচ্ছিল ছোট এ নৌযান দুটি। এ সময় সম্ভবত কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের আলোচনার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। মঙ্গলবারের ঘটনার পরও বিষয়টি মিটমাট করতে তাঁরাই এগিয়ে আসেন।
কেরি গতকাল সিএনএনকে জানান, তিনি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন।
ইরানের রেভল্যুশনারি গার্ডসের কমান্ডার জেনারেল আলি ফাদাভি গতকাল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, মার্কিন নাবিকদের আটকের বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী জাভেদকে জানানো হয়। তিনি কেরির সঙ্গে ফোনালাপকালে ‘শক্ত অবস্থান’ নেন। ইরানের জলসীমায় প্রবেশের জন্য যুক্তরাষ্ট্রের ক্ষমা চাওয়ার দাবি জানান। যুক্তরাষ্ট্র এ ঘটনায় ইরানের কাছে ক্ষমা চেয়েছে। তবে ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেননি ওয়াশিংটনের কর্মকর্তারা।
পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ওই ১০ নাবিককে মুক্তি দিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ডস।