ইরানের অস্বীকার
যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালানোয় মদদ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। নিউইয়র্কের একটি আদালত ইরানের সাত নাগরিককে যুক্তরাষ্ট্রের ব্যাংক ও গুরুত্বপূর্ণ বাঁধের কম্পিউটারব্যবস্থায় হ্যাকিংয়ের জন্য অভিযুক্ত করার পর ইরান এতে জড়িত থাকার কথা অস্বীকার করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন জাবের আনসারী গতকাল বলেন, ইরানের কর্মসূচিতে কোনো দিনই সাইবার হামলার মতো জঘন্য বিষয় ছিল না। এ কাজ তাঁরা সমর্থনও করেন না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বৃহস্পতিবার কম্পিউটার হ্যাকিংয়ের অভিযোগ করা হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা আছে—এমন কয়েকটি প্রতিষ্ঠানের হয়ে সাতজন ইরানি কাজ করছিলেন। তাঁরা প্রায় ৫০টি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ নিউইয়র্কের একটি গুরুত্বপূর্ণ বাঁধের কম্পিউটারের সিস্টেমে ঢুকে পড়েন। ২০১০ সালে অভিযোগ উঠেছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের পরমাণু স্থাপনায় ‘স্টাক্সনেট’ নামের একটি কম্পিউটার ভাইরাস দিয়ে সাইবার হামলা চালিয়েছিল।
এএফপি