ইরানের কারাগারে ফের অনশন শুরু মানবাধিকারকর্মীর

ইরানের বিখ্যাত মানবাধিকারকর্মী ও আইনজীবী নাসরিন সতুদে কারাগারে আবার অনশন শুরু করেছেন। গতকাল শনিবার স্বামীর ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে অনশন শুরুর ঘোষণা দেন নাসরিন। সাম্প্রতিক সময়ে ইরানে প্রখ্যাত মানবাধিকারকর্মীদের গ্রেপ্তার-হয়রানির প্রতিবাদে এই অনশন শুরু করেছেন তিনি।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০১০ সালে একবার গ্রেপ্তার হয়েছিলেন নাসরিন সতুদে। ওই সময় বিচারের পর তাঁকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেই সাজায় প্রায় তিন বছরের মতো কারাগারে নাসরিনকে থাকতে হয়েছিল। প্রোপাগান্ডা ছড়ানো ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করে নাসরিনের বিচার হয়েছিল। তবে নাসরিন এসব অভিযোগ অস্বীকার করেছিলেন। ২০১৩ সালে তাঁকে মুক্তি দেয় সরকার।
চলতি বছরের জুন মাসে আবার গ্রেপ্তার হন নাসরিন সতুদে। তাঁর স্বামী রেজা খানদান ইরানের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নাসরিনের বিরুদ্ধে নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট কিছু অভিযোগ আনা হয়েছে। গতকাল শনিবার রেজার ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে নাসরিন বলেছেন, ‘কর্তৃপক্ষের কাছ থেকে উপযুক্ত সাড়া না পেয়ে অনশন শুরু করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। কারণ আমার পরিবার, পরিজন ও বন্ধুবান্ধবদের ওপর নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। এই ঘটনা এবং বিভিন্ন বিচারিক গ্রেপ্তারের প্রতিবাদে আমি অনশন করছি।’ পোস্টের শেষে তিনি লিখেছেন, ‘আমাদের প্রাণপ্রিয় দেশ ইরানে আইন ও বিচার প্রতিষ্ঠার আশায়’।
নাসরিন সতুদে ইরানের বর্তমান প্রশাসনের বিরোধী কর্মীদের মধ্যে অন্যতম। এর আগে ২০১২ সালে নিজের মেয়ের ওপর সরকারের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার প্রতিবাদে ৫০ দিন অনশন করেছিলেন তিনি। ওই ঘটনায় ইরান সরকারের কঠোর সমালোচনা করেছিল যুক্তরাষ্ট্র ও মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সম্প্রতি ইরানে হিজাব খুলে এক অভিনব প্রতিবাদে শামিল হয়েছিলেন দেশটির কিছুসংখ্যক নারী। নাসরিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁদের প্রতিনিধিত্ব করেছেন। ইরানে নারীদের ইসলামি পোশাকবিধি মেনে চলতে হয়। এরই বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন দেশটির কিছু নারী।