ইরানের কৌশল রক্ষণাত্মক: রুহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের সামরিক কৌশল সম্পূর্ণ রক্ষণাত্মক। একে হুমকি হিসেবে দেখা ঠিক নয়। সৌদি আরবের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এ কথা বলেন।
ইয়েমেনের ক্ষমতা দখল করা শিয়া হুতি বিদ্রোহীদের ওপর সৌদি নেতৃত্বাধীন বিমান হামলা নিয়ে শিয়াপ্রধান দেশ ইরানের সঙ্গে সুন্নিপ্রধান সৌদি আরবের উত্তেজনা বেড়েছে। এরই প্রেক্ষাপটে গত সপ্তাহে রাশিয়া ইরানকে দীর্ঘদিন ঝুলে থাকা ক্ষেপণাস্ত্র সরবরাহের কথা ঘোষণা করেছে।
সৌদি আরব ইয়েমেনের জাইদি শিয়া সম্প্রদায়ের হুতিদের অস্ত্র সরবরাহের জন্য ইরানকে অভিযুক্ত করে আসছে। তবে দেশটি এ অভিযোগের সত্যতা অস্বীকার করেছে।
রাজধানী তেহরানে সামরিক বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরানের সামরিক নীতিকে ভুলভাবে অনুধাবন করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘আমাদের কৌশল সব সময়ই প্রতিরোধমূলক, যুদ্ধবাদী নয়।’ অনুষ্ঠানে ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র বাবর-৩৭৩ প্রদর্শন করা হয়।
হাসান রুহানি বলেন, পারস্য উপসাগর ও এডেন উপসাগরে ইরানের নৌবাহিনীর জাহাজের উপস্থিতি প্রতিবেশী দেশগুলো ও সামুদ্রিক পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই।
চলতি সপ্তাহেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের কাছে স্পর্শকাতর এস-৩০০ ক্ষেপণাস্ত্র সরবরাহের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন।