ইরানের ঘাঁটি থেকে সিরিয়ায় রাশিয়ার প্রথম বিমান হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় বিদ্রোহীদের ওপর বিমান হামলার জন্য গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো ইরানের পশ্চিমাঞ্চলের একটি ঘাঁটি ব্যবহার করেছে রাশিয়া। এতে প্রাণহানি ঘটেছে অন্তত ২৭ জন বেসামরিক লোকের।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরানের হামেদান ঘাঁটি থেকে গতকাল রাশিয়ার দূরপাল্লার বোমারু বিমান টুপোলেভ টু-২২এম৩ ও যুদ্ধবিমান সুখোই-৩৪ দিয়ে সিরিয়ায় হামলা চালানো হয়। হামলার লক্ষ্যবস্তু ছিল আলেপ্পো, ইদলিব ও দেইর আল-জুর প্রদেশ। এতে উত্তরের প্রদেশ আলেপ্পো ও ইদলিবের জঙ্গি প্রশিক্ষণ শিবির, অস্ত্র-গোলাবারুদ ও জ্বালানিপূর্ণ পাঁচটি গুদাম ধ্বংস হয়। মারা পড়েন ‘বিপুলসংখ্যক’ জঙ্গি।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অন্যতম আঞ্চলিক মিত্র দেশ ইরান। ২০১১ সালে বাশারের বিরুদ্ধে অভ্যুত্থান শুরুর সময় থেকেই গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থসহায়তা দিয়ে আসছে দেশটি। গত বছর সিরিয়ার সরকারি বাহিনীকে সহায়তায় অভিযান শুরু করে রাশিয়া। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ও ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা সিরিয়ায় তাঁদের সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। গত সপ্তাহে রাশিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরান ও ইরাকের আকাশপথ ব্যবহার করতে চায়। এরপর গতকালই প্রথম সিরিয়ায় হামলা করার জন্য তৃতীয় কোনো দেশের সহায়তা নিল রাশিয়া।
বিভিন্ন প্রতিবেদন থেকে আরও জানা গেছে, ইরানের পশ্চিমাঞ্চলের একটি ঘাঁটি থেকে প্রায় ছয়টি টুপোলেভ টু-২২এম৩ বোমারু বিমান সিরিয়ায় অভিযান পরিচালনা করছে। দূরপাল্লার কৌশলগত এই বোমারু বিমান ইতিমধ্যে সিরিয়ায় অভিযানে নিয়োজিত রয়েছে, কিন্তু সেগুলো রাশিয়ার দক্ষিণাঞ্চলের ঘাঁটিগুলো ব্যবহার করে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, ইরানে অনির্দিষ্টসংখ্যক সুখোই-৩৪ যুদ্ধবিমান পাঠানো হয়েছে।
এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ গতকাল অভিযোগ করেছে, সিরিয়া ও রাশিয়ার যুদ্ধবিমান উত্তর সিরিয়ায় বেসামরিক লোকজনের ওপর ‘ন্যক্কারজনকভাবে’ বারবার আগুনে বোমা ও অস্ত্র ব্যবহার করেছে। সংগঠনটি বলেছে, গত জুন মাস থেকে তারা অন্তত ১৮ বার এ ধরনের অস্ত্র ব্যবহারের তথ্য নথিবদ্ধ করেছে, যাতে বেশ কয়েকজন আহত হয়েছে। এই মর্মে জোরদার প্রমাণ রয়েছে যে রাশিয়া এ ধরনের হামলায় সিরীয় বিমানগুলোকে সহায়তা করছে। এইচআরডব্লিউর অস্ত্রবিষয়ক পরিচালক স্টিভ গুজ বলেন, সিরীয় সরকার ও রাশিয়ার উচিত বেসামরিক লোকজনের ওপর আগুনে অস্ত্রের প্রয়োগ অবিলম্বে বন্ধ করা।