ইরানের পার্লামেন্ট ও খোমেনির মাজারে হামলা, নিহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্লামেন্ট ভবনের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান। ছবি: বিবিসির সৌজন্যে
পার্লামেন্ট ভবনের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান। ছবি: বিবিসির সৌজন্যে

ইরানের পার্লামেন্টে ও আয়াতুল্লাহ খোমেনির মাজারে আজ বুধবার সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ১২ জন নিহত হয়েছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে। এদিকে হামলা দুটির দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, এরই মধ্যে নিরাপত্তা বাহিনী একটি ‘সন্ত্রাসী দল’কে আটক করেছে। দলটি তৃতীয় একটি হামলার পরিকল্পনা করছিল। তারা তা ভেস্তে দিয়েছে।

প্রেসিডেন্ট হাসান রুহানির পুনর্নির্বাচিত হওয়ার এক মাসের কম সময়ের মধ্যে আজ এসব হামলার ঘটনা ঘটল।

হামলাকারীদের একজন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে এবং বাকিদের গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন গভর্নর হোসেইন হাশেমি।

তবে নিহত ১২ জনের মধ্য হামলাকারীরাও আছে কি না, তা জানা যায়নি।

আইনপ্রণেতা ইলিয়াস হাজরাতির বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের ওয়েবসাইটের খবরে বলা হয়, মধ্য তেহরানে পার্লামেন্ট ভবনে তিনজন বন্দুকধারী পার্লামেন্টে এ হামলা চালায়। একজনের হাতে পিস্তল ও দুজনের হাতে একে-৪৭ ছিল।

ইরানের রাষ্ট্রীয় ব্রডকাস্টার আইআরআইবি জানায়, একজন হামলাকারীর গায়ে আত্মঘাতী ভেস্ট ছিল। তবে কয়েকটি বার্তা সংস্থা জানায়, সন্ত্রাসীরা গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে।

কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আত্মঘাতী হামলাকারী একজন নারী ছিলেন।

পার্লামেন্ট ভবন থেকে এক শিশুকে বের করা হচ্ছে। ছবি: বিবিসির সৌজন্যে
পার্লামেন্ট ভবন থেকে এক শিশুকে বের করা হচ্ছে। ছবি: বিবিসির সৌজন্যে

ইরানের ইংরেজি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানায়, পার্লামেন্টে গুলির ঘটনার প্রায় আধা ঘণ্টা পর কয়েক কিলোমিটার দূরে শহরের দক্ষিণে ১৯৭৯ সালে ইরানের ইসলামিক বিপ্লবে নেতৃত্ব দেওয়া আয়াতুল্লাহ খোমেনির সমাধিস্থলে গুলির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হয়।

তেহরানের গভর্নরের বরাত দিয়ে আইআরআইবি জানায়, একজন হামলাকারী আত্মঘাতী ভেস্টের বিস্ফোরণ ঘটায়। আরেকজন নিরাপত্তার বাহিনীর হাতে নিহত হন। আর অন্যদের গ্রেপ্তার করা হয়েছে।

আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম না প্রকাশ করে বলেন, ‘পরিবেশ খুব থমথমে। কড়া নিরাপত্তার মধ্যেও চারজন সশস্ত্র ব্যক্তি কীভাবে পার্লামেন্টে ঢুকল?’

ইরানের টেলিভিশন জানায়, পার্লামেন্ট পুনরায় শুরু হয়েছে।

আইএসের দায় স্বীকার
আইএস পরিচালিত আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স জানায়, আইএস হামলা দুটির দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায় আইএসের যোদ্ধারা খোমেনির মাজার ও ইরানের পার্লামেন্টে হামলা চালিয়েছে।

আরেকটি বিবৃতিতে বলা হয়, খোমেনির মাজারে দুজন আত্মঘাতী হামলাকারী হামলা চালায়।