ইরানের পাল্টা ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাভেদ জারিফ
জাভেদ জারিফ

যুক্তরাষ্ট্র তার ভূখণ্ডে ইরানসহ সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের প্রবেশে যে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে সেটিকে ‘অপমানজনক’ বলে উল্লেখ করেছে তেহরান। তেহরান বলেছে, পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা না তোলা পর্যন্ত মার্কিন নাগরিকদেরও ইরানে ঢুকতে দেওয়া হবে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলেছে, ‘ইরানি নাগরিকদের ব্যাপারে যুক্তরাষ্ট্র যে অপমানজনক সিদ্ধান্ত নিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানও তার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’ রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা বিবৃতিতে বলা হয়, ইরানি নাগরিকদের ব্যাপারে যুক্তরাষ্ট্র যত দিন নিষেধাজ্ঞা বলবৎ রাখবে, ইরানও তত দিন একই ধরনের নিষেধাজ্ঞা জারি রাখবে।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি ‘অবৈধ, অযৌক্তিক এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী’। তবে গতকাল রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ টুইটারের মাধ্যমে জানিয়েছেন, যেসব মার্কিন নাগরিক ইতিমধ্যেই ইরানের ভিসা পেয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না, তাঁরা আসতে পারবেন।
মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে টুইটারে জাভেদ জারিফ লেখেন, ‘মুসলিম নিষিদ্ধের বিষয়টি ইতিহাসে উগ্রপন্থী ও তাঁদের সমর্থকদের হাতে তুলে দেওয়া বড় ধরনের উপহার হিসেবে লেখা থাকবে।’ তিনি বলেন, ঢালাও বৈষম্য সন্ত্রাসীদের তাঁদের দলে লোক ভেড়ানো সহজ করে দেবে।

ইরানের পার্লামেন্টের স্পিকার আলি লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে তাঁদের ‘ভয়ানক বর্ণবাদী মনোভাব’ প্রমাণিত হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রে বর্তমানে ইরানের ১০ লাখের বেশি লোক ব্যবসা করেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় তাঁরা এখন নিজ দেশে যাতায়াত করতে পারছেন না।