ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি সৌদির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে সৌদি আরব। দেশটি বলেছে, ইরান যদি উপসাগরীয় অঞ্চলে ‘উত্তেজনা ছড়ানো’ বন্ধ না করে, তাহলে তার বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হবে। শনিবার রিয়াদে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (গালফ কো-অপারেশন কাউন্সিল, সংক্ষেপে জিসিসি) সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের এই হুমকি দেন। খবর আল-জাজিরার। সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরান যদি তার নীতি অব্যাহত রেখে উত্তেজনা ছড়াতে থাকে, তাহলে আমরা তার বিরুদ্ধে আরও ব্যবস্থা নেব।’ তবে ‘আরও ব্যবস্থা’ বলতে ঠিক কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়টি তিনি খুলে বলেননি।
সৌদি, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমান—এই ছয়টি দেশ মিলে জিসিসি গঠিত। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে সদস্য সব দেশ সৌদির প্রতি ‘পূর্ণ সমর্থন’ জানায় এবং ইরানে সৌদি দূতাবাসে হামলার ঘটনার তীব্র নিন্দা জানায়।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী জুবায়ের ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে গোষ্ঠীগত সংঘাত ছড়ানোর অভিযোগ করেন। তিনি বলেন, ইরানের ক্ষমতাসীনেরা ১৯৭৯ সালে বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখলের তত্ত্ব এখন প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে দেওয়ার পাঁয়তারা করছে।