ইরানের পরমাণু কর্মসূচির অমীমাংসিত বিষয়গুলো নিয়ে জাতিসংঘের অধীন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) আলোচনায় গুরুত্বপূর্ণ কোনো মতৈক্য হয়নি। তেহরান সফর শেষে ভিয়েনায় ফিরে গতকাল শুক্রবার এ কথা বলেন আইএইএর প্রধান ইউকিয়া আমানো। খবর এএফপি ও রয়টার্সের।
তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধ করার উদ্দেশ্যে একটি ঐতিহাসিক চুক্তির লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আলোচনা চলছে। ওই চুক্তি বাস্তবায়নের পথে একটি বড় বাধা নিয়ে আলোচনার জন্য গত বৃহস্পতিবার ইরান সফরে যান আমানো। ফিরে এসে গতকাল তিনি বলেন, ‘ইরানের সঙ্গে আলোচনার ফলে আগের চেয়ে ভালো বোঝাপড়া হয়েছে। তবে আরও কাজ বাকি আছে।’
ইরান ২০০৩ সাল থেকেই পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যে গবেষণা শুরু করেছিল বলে অভিযোগ ওঠার পর আইএইএর তদন্তে অচলাবস্থা দেখা দেয়। তেহরান ওই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, বাজে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের ‘একপেশে’ কথা বলা হয়েছে। তাদের দাবি, সম্ভবত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এসব তথ্য দিয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীনের পাশাপাশি জার্মানির প্রতিনিধিরা ইরানের সঙ্গে যে আলোচনায় অংশ নিচ্ছেন, তাতে দেশটির বিতর্কিত পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ সামর্থ্যের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। ছয় পরাশক্তির প্রতিনিধিরা বলছেন, আইএইএর তদন্ত আরও এগিয়ে নেওয়ার মাধ্যমে এ ব্যাপারে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।
ইরানের পরমাণু কর্মসূচির ‘সম্ভাব্য সামরিক মাত্রা’ নিয়ে আইএইএ ২০১১ সালে একটি বড় ধরনের প্রতিবেদন প্রকাশ করে। এতে বিভিন্ন তথ্যের ভিত্তিতে সামরিক মাত্রাকে ‘বিশ্বাসযোগ্য’ বলে উল্লেখ করা হয়।
আইএইএর প্রধান আমানো বৃহস্পতিবার ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠক করেন। এ সময় রুহানি বলেন, বর্তমান নিয়মনীতির অধীনে নির্ধারিত সময়ের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির লক্ষ্যে একটি ভালো রূপরেখায় পৌঁছানোর জন্য তাঁর দেশ প্রস্তুত।
ইরানের দাবি, তার পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ। বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা খাতের মতো বেসামরিক প্রয়োজনেই এটি চালানো হচ্ছে। কিন্তু পশ্চিমা দেশগুলোর সন্দেহ, পারমাণবিক অস্ত্র তৈরি করার লক্ষ্যেই ওই কর্মসূচি নেওয়া হয়। রুহানি ২০১৩ সালে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে ছয় পরাশক্তির আলোচনায় নতুন গতির সঞ্চার হয়। গত এপ্রিলে স্বাক্ষরিত সমঝোতার রূপরেখা অনুযায়ী একটি চূড়ান্ত চুক্তি বাস্তবায়িত হলে ইরানের ওপর থেকে পশ্চিমা অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়া হবে। তার বদলে তেহরানকে তাদের পরমাণু কর্মসূচি বন্ধ রাখতে হবে। এ চুক্তির সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করা হয়েছিল। কিন্তু এর মধ্যে চুক্তি না হওয়ায় সময় ৭ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।