ইরানের সঙ্গে চুক্তির জন্য কঠোর সিদ্ধান্ত প্রয়োজন: কেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, চলতি সপ্তাহেই ইরানের সঙ্গে দেশটির বিতর্কিত পারমাণবিক কর্মসূচির বিষয়ে পাশ্চাত্যের একটি চুক্তি হতে পারে। তবে এ জন্য কঠোর সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে গতকাল সোমবার শীর্ষ মন্ত্রীরা শেষ মুহূর্তের বৈঠকে বসার আগে এ মন্তব্য করেন কেরি। খবর এএফপি ও বিবিসির।
তেহরানের সঙ্গে পাশ্চাত্যের এই বিরোধ এক দশকের বেশি পুরোনো। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে দেশটির সঙ্গে ২০১৩ সাল থেকে পারমাণবিক আলোচনা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, একটি চূড়ান্ত চুক্তির জন্য আলোচকদের হাতে সময় রয়েছে আজ মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত।
কয়েক দিন ধরে নিবিড় আলোচনা চলছে দেশগুলোর শীর্ষ আলোচকদের মধ্যে। এর অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি গত রোববার ভিয়েনায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে চারবার বৈঠকে মিলিত হন। পরে কেরি সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন, আলোচনা একেবারে ক্রান্তিলগ্নে চলে এলেও এখন পর্যন্ত যা অবস্থা, তাতে পরিস্থিতি ‘যেকোনো দিকে মোড় নিতে পারে’।
কেরি বলেন, গত কয়েক দিনের আলোচনায় ‘খাঁটি অগ্রগতি’ হয়েছে। এখন সব পক্ষই কঠিন সিদ্ধান্ত নিতে রাজি থাকলে এ সপ্তাহেই একটি সমঝোতা হয়ে যাবে। তবে এটাও ঠিক যে সবচেয়ে কঠিন ইস্যুগুলোতে দুই পক্ষকে যে অবস্থানে থাকার কথা, তারা সেখানে নেই। এমন প্রেক্ষাপটে শেষ পর্যন্ত চুক্তি না হলে যুক্তরাষ্ট্র আলোচনা থেকে বেরিয়ে যাবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন কেরি।
আর ইরানি পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেছেন, বিভিন্ন বিষয়ে এখনো মতপার্থক্য রয়েছে। এসব মতভেদ দূর করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।