ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে ছয় পরাশক্তির সঙ্গে দেশটির চুক্তি হয়েছে ১৪ জুলাই। এরপর ইরানকে উদাহরণ হিসেবে টেনে চিরপ্রতিদ্বন্দ্বী উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করার আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া। পারমাণবিক কর্মসূচি প্রশ্নে সমঝোতার আগে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ বিশ্বশক্তিগুলোর যেমন সম্পর্ক ছিল, বর্তমানে একই ধরনের সম্পর্ক বজায় রয়েছে উত্তর কোরিয়ার সঙ্গেও। তাই কথা উঠেছে, এবার কি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে সমঝোতার উদ্যোগ নেবে পরাশক্তিগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, সুনির্দিষ্ট করে বললে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা? খবর ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর, রয়টার্স ও এএফপির।
ইরানের সঙ্গে আলোচনা শুরু করে একটি ঝুঁকি নিয়েছিলেন ওবামা। সেই ঝুঁকি নিয়ে তিনি জিতেও গেছেন। সমঝোতা হয়েছে। একই সময়ে কিউবার সঙ্গে দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধের অবসান ঘটিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সক্ষম হয়েছেন তিনি। তাই বলা হচ্ছে, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও আলোচনা শুরু করার জন্য হয়তো এটাই উপযুক্ত সময়।
উত্তর কোরিয়া ২০০৬, ২০০৯ ও ২০১৩ সালে পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায়। এই পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে ২০০৯ সাল থেকে পশ্চিমা দেশগুলোর আলোচনা বন্ধ রয়েছে। একে কেন্দ্র করে উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের নানা ধরনের নিষেধাজ্ঞাও বজায় রয়েছে। মার্কিন প্রশাসন বলে রেখেছে, পারমাণবিক কর্মসূচি ত্যাগ করার পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনার টেবিলে বসবে না।
সার্বিক পরিস্থিতিতে মনে হয় না, উত্তর কোরিয়াকে আলোচনার টেবিলে খুব শিগগির ফিরিয়ে আনা সহজ কাজ হবে। দেশটি নিজেই নিজেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। তাই উত্তর কোরিয়াকে আন্তর্জাতিকভাবে একঘরে করে রাখার নীতি দেশটির ওপর তেমন প্রভাব ফেলতে পারেনি। উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ রয়েছে, তাও দেশটির অর্থনীতিকে খুব বেশি ঝুঁকির মুখে ফেলতে পারেনি। আবার ইরানকে যেভাবে আলোচনার টেবিলে আনা গেছে, উত্তর কোরিয়াকে হয়তো সেভাবে আনা যাবে না। ইরানের আলোচনায় ফিরে আসার একটি অন্যতম কারণ ছিল, দেশটির ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার হুমকি। কিন্তু উত্তর কোরিয়ার ওপর এ ধরনের কোনো হুমকি নেই। আবার ইরান আণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষরকারী দেশ। তাই সেদিক থেকে পারমাণবিক কর্মসূচি ত্যাগের একটি বাধ্যবাধকতা ছিল তেহরানের ওপর। কিন্তু উত্তর কোরিয়া ওই চুক্তিতে স্বাক্ষর করেনি বলেনি কর্মসূচি ত্যাগ করার কোনো বাধ্যবাধকতাও নেই পিয়ংইয়ংয়ের ওপর।
এসব বিষয় উত্তর কোরিয়ার শাসকগোষ্ঠীর খুব ভালো করেই জানা আছে। এ কারণেই হয়তো দেশটি নিজেদের পারমাণবিক সামর্থ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ব্যাপারে ইরানকে অনুসরণ করতে আগ্রহী নয়। ছয় পরাশক্তির সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের ঐতিহাসিক সমঝোতার এক সপ্তাহ পর উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েও দিয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ ওই বিবৃতি প্রচার করে। এতে বলা হয়, ‘ইরানের পারমাণবিক সমঝোতার সঙ্গে উত্তর কোরিয়ার পরিস্থিতিকে তুলনা করা যৌক্তিক নয়। কারণ, আমাদের উদ্দেশে সব সময়ই সামরিক উসকানি দেওয়া হয়। এসবের মধ্যে রয়েছে ব্যাপক সামরিক মহড়া এবং পারমাণবিক হামলার হুমকি। নিজেদের পারমাণবিক সামর্থ্য বাদ দেওয়ার বা কর্মসূচি একতরফাভাবে বন্ধ করে দেওয়ার লক্ষ্যে কোনো আলোচনায় অংশ নেওয়ার কোনো আগ্রহ আমাদের নেই।’
১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর থেকে তেহরান ও পিয়ংইয়ংয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ইরানের সঙ্গে সমঝোতার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আশা প্রকাশ করেন, উত্তর কোরিয়াও হয়তো তাদের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে এবার বিকল্প ভাবনা শুরু করতে পারে। কিন্তু দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং বিশ্বে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে থাকতেই আগ্রহী তারা।