ইরানের সঙ্গে ছয় দেশের 'সমঝোতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রিয়ার ভিয়েনায় সোমবার আলোচনার টেবিলে কূটনীতিকেরা। ছবি: রয়টার্স
অস্ট্রিয়ার ভিয়েনায় সোমবার আলোচনার টেবিলে কূটনীতিকেরা। ছবি: রয়টার্স

ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে আজ মঙ্গলবার তেহরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে ছয় বিশ্বশক্তি। কূটনীতিকদের উদ্ধৃতির বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়। 
অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত আলোচনায় ইরান এবং ছয় বিশ্বশক্তি যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মধ্যে এই সমঝোতা হয়। 
নাম প্রকাশ না করে এক পশ্চিমা কূটনীতিক একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, শেষ বাধা দূর হয়েছে। 
নাম প্রকাশ না করে ইরানের দুজন কূটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, একটি চুক্তিতে পৌঁছানো গেছে। 
গতকাল সোমবার মধ্যরাতের আগেই পাশ্চাত্যের সঙ্গে তেহরানের একটি চূড়ান্ত চুক্তি হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে এই সময়সীমা আজ পর্যন্ত বাড়ানো হয়। 
সমঝোতায় ইরানের পারমাণবিক কর্মসূচির লাগাম টেনে ধরার বিনিময়ে দেশটির ওপর থেকে বিভিন্ন আন্তর্জাতিক অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি রয়েছে। 
চুক্তিটির মধ্য দিয়ে ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের গত ১৩ বছর ধরে চলা বিরোধের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। 
পাশ্চাত্যের সন্দেহ, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। ইরান বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে।