ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির বিরোধী সৌদি আরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুর্কি আল ফয়সাল
তুর্কি আল ফয়সাল

ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তির সম্ভাব্য চুক্তির বিরোধিতা করছে সৌদি আরব। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সৌদি যুবরাজ তুর্কি আল ফয়সাল সম্ভাব্য ওই চুক্তির বিষয়ে সতর্ক করেছেন।

রাজপরিবারের এক জ্যেষ্ঠ সদস্য বিবিসিকে বলেছেন, চুক্তিটি হলে অঞ্চলের অন্যান্য দেশও পরমাণু জ্বালানি তৈরিতে তৎপর হতে পারে। সৌদি আরবসহ অন্যান্য দেশও একই দাবি তুলতে পারে।

সৌদি সরকারের সাবেক এই গোয়েন্দাপ্রধানের ভাষ্য, ‘ইরানের যদি কোনো একটি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা থাকে, তবে শুধু সৌদি আরব নয়, অন্যরাও তা চাইবে।’

এই যুক্তি দিয়ে তেহরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তির সম্ভাব্য চুক্তির বিরোধিতা করেন যুবরাজ ফয়সাল।

যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তি তেহরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানের সঙ্গে একটি চুক্তি করার চেষ্টা চালাচ্ছে। চুক্তিটির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নিশ্চিত হতে চায় যে—ইরান কোনো পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না।

শুরু থেকেই ইরান দাবি করে আসছে, তাদের পরমাণু প্রকল্পের উদ্দেশ্য শান্তিপূর্ণ। বোমা বানানো নয়, বরং জ্বালানির জন্যই তাদের এই প্রকল্প।

এদিকে গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন কংগ্রেসে ভাষণ দেন। এতে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির তীব্র বিরোধিতা করেন তিনি। তাঁর দাবি, চুক্তিটি স্বাক্ষরিত হলে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ আরও সুগম হবে।