ইরানের সঙ্গে বিরোধ
ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েনে সৌদি আরবের পক্ষ নিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সৌদি আরবের জেদ্দায় ওআইসির সদর দপ্তরে এক বিশেষ বৈঠক শেষে গত বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এ কথা জানানো হয়। খবর রয়টার্সের।
সুন্নিপ্রধান সৌদি আরবের আহ্বানেই ওআইসি ওই বৈঠকে মিলিত হয়। ২ জানুয়ারি শিয়াপ্রধান দেশ ইরানে সৌদি দূতাবাস ও কনস্যুলেটে ইরানি বিক্ষোভকারীদের হামলা নিয়ে আলোচনা করতেই এই বৈঠক। সৌদি আরব দেশটির জ্যেষ্ঠ শিয়া মুসলিম নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করলে ক্ষুব্ধ ইরানিরা ওই হামলা চালায়।
জেদ্দায় বৈঠক শেষে বৃহস্পতিবার রাতে দেওয়া চূড়ান্ত বিবৃতিতে ওআইসি সৌদি দূতাবাস ও কনস্যুলেটে হামলার নিন্দা জানানোর পাশাপাশি সৌদি আরবে সন্ত্রাসীদের বিচারের বিষয়ে তেহরানের ‘উসকানিমূলক’ বিবৃতির সমালোচনা করে। তেহরান সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে এবং অন্যের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে বলে অভিযোগ করে বিবৃতিতে বলা হয়, ‘(ওআইসি) এই অঞ্চলের বিভিন্ন দেশের পাশাপাশি সদস্যভুক্ত অন্য দেশগুলোর (বাহরাইন, ইয়েমেন, সিরিয়া ও সোমালিয়া) অভ্যন্তরীণ বিষয়ে ইরানের হস্তক্ষেপের ও সন্ত্রাসবাদের প্রতি তাদের অব্যাহত সমর্থনের নিন্দা জানায়।’
দূতাবাস ও কনস্যুলেটে হামলার ঘটনার জের ধরে সৌদি আরব ও তার মিত্র কয়েকটি দেশ এরই মধ্যে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আরও কয়েকটি দেশ সম্পর্কের মাত্রার অবনমন করেছে।