ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল মালদ্বীপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে মালদ্বীপ। সৌদি আরবের আর্থিক সহায়তাপুষ্ট ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রটি ইরানের বিরুদ্ধে উপসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলেছে। মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবার দিবাগত রাতে এক বিবৃতিতে বলেছে, ইরানের নীতি মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার সঙ্গে মালদ্বীপের স্থিতিশীলতা, শান্তি ও নিরাপত্তা সম্পর্কযুক্ত। এ কারণে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ। গত জানুয়ারিতে এক শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। এ ঘটনায় তেহরানে দেশটির দূতাবাসে হামলা চালায় বিক্ষুব্ধ ইরানিরা। এর জেরে তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রিয়াদ। সাম্প্রতিক খবর, মালদ্বীপের সামরিক আবাসন খাতে ৫০ মিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি। এ ছাড়া মালদ্বীপের মূল বিমানবন্দরটি সম্প্রসারণে আরও ১০০ মিলিয়ন ডলার সহায়তা পেতে রিয়াদের দ্বারস্থ হয়েছে মালে। এএফপি