ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ছয় পরাশক্তির পরমাণু চুক্তি কংগ্রেসে অনুমোদন হওয়া ঠেকাতে যুক্তরাষ্ট্রে নানা তৎপরতা শুরু হয়েছে। ওই চুক্তি নিয়ে আলোচনা করতে কংগ্রেসের ৬০ দিনব্যাপী অধিবেশন শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। এর প্রাক্কালে নিউইয়র্কে ওই চুক্তি বাতিলের দাবিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়ে বিশাল সমাবেশ হয়েছে। এদিকে ইরানেও এই চুক্তির বিরোধিতাকারী কট্টরপন্থীদের সামলাতে হচ্ছে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানিকে। খবর এএফপি ও রয়টার্সের।
দীর্ঘ ও জটিল আলোচনা-প্রক্রিয়ার পর অস্ট্রিয়ার ভিয়েনায় ১৪ জুলাই ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির পরমাণু চুক্তি হয়। এর আওতায় পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে ইরানের ওপর থেকে বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা। ওই চুক্তি নিয়ে মার্কিন কংগ্রেসের ৬০ দিনব্যাপী অধিবেশন শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার।
কংগ্রেসের দুটি কক্ষেই এখন সংখ্যাগরিষ্ঠ প্রেসিডেন্ট ওবামার বিরোধী রিপাবলিকান দল। দলটির কংগ্রেস সদস্যদের অনেকেই ইতিমধ্যে প্রকাশ্যে এই চুক্তির বিরোধিতা করেছেন। তবে চুক্তিটির পক্ষে সমর্থন আদায়ে ডেমোক্রেটিক পার্টিও তৎপর হয়ে উঠেছে। গত বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, জ্বালানিমন্ত্রী আর্নেস্ট মনিজ প্রতিনিধি পরিষদ এবং সিনেটের সব সদস্যের সামনে একাধিক রুদ্ধদ্বার অধিবেশনে চুক্তিটি তুলে ধরেন। গতকাল চুক্তিটি সিনেটের ফরেন রিলেশনস কমিটির শুনানিতেও তুলে ধরার কথা ছিল।
প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান দলের নেতা জন বেহনার গত বুধবার সাংবাদিকদের বলেন, ‘ওই খারাপ চুক্তিটি মার্কিন জনগণের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এটাকে থামাতে সম্ভাব্য সব কিছু আমরা করব।’
প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দলীয় সদস্য ডেনিস রস বলেন, ‘চুক্তিটির বিষয়ে আমি আগে থেকেই বিরোধী। তবে এখন আমি আবারও এটি নিয়ে আরও ভাবব।’
অন্যদিকে প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন, মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধ ঠেকাতে ইরানের সঙ্গে চুক্তি একমাত্র বিকল্প।
ইরানকে শত্রু গণ্য করা ইসরায়েল এই চুক্তির কঠোর বিরোধিতা করেছে। চুক্তি বাতিলে মিত্র যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের সমর্থন আদায়ে তারা এখন মরিয়া। গত বুধবার যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত রন ডারমার মার্কিন প্রতিনিধি পরিষদের প্রায় ৪০ জন সদস্যের সঙ্গে একান্তে বৈঠক করেন। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের পক্ষের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (এআইপিএসি) শ খানেক লবিস্ট নিয়োগ করেছে মার্কিন আইনপ্রণেতাদের প্রভাবিত করতে। তাঁদের একটি বড় কাজ হবে প্রেসিডেন্ট ওবামার ডেমোক্রেটিক পার্টির যেসব সদস্য এখনো এই চুক্তির বিষয়ে মনস্থির করতে পারেননি, তাঁদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করা। এআইপিএসি মার্কিন টেলিভিশনে পরমাণু চুক্তির বিরোধিতা করে বিজ্ঞাপনও প্রচার করে যাচ্ছে।
আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন কংগ্রেস ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি অনুমোদন বা প্রত্যাখ্যান করবে।
মনে করা হচ্ছে, কংগ্রেসে চুক্তিটি অনুমোদিত না হলে বেশ কয়েকজন ডেমোক্র্যাট সদস্যও এর বিরোধিতায় শামিল হতে পারেন। দলীয়ভাবে চূড়ান্ত বিভাজিত বর্তমান কংগ্রেসে এমনটি হওয়ার সম্ভাবনা যদিও কম। তবে ইসরায়েলের পক্ষে প্রচার চালানো একজন মন্তব্য করেছেন, ‘এমন ঘটনা ঘটা কঠিন। তবে একেবারে অসম্ভব নয়।’
প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট-দলীয় নেতা ন্যান্সি পেলোসি এই চুক্তির পক্ষে। তবে ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল বলে পরিচিত একই দলের সদস্য সিনেটর চাক শুমার বলেছেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি চুক্তিটির আদ্যোপান্ত পড়ছি।’
গত বুধবার নিউইয়র্কের টাইমস স্কয়ারে পরমাণু চুক্তি বাতিলের দাবিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়ে বিশাল সমাবেশ হয়েছে। এতে অংশ নেন কট্টরপন্থী ইহুদি ও ইভানজেলিক খ্রিষ্টানরা। রিপাবলিকান পার্টির সদস্যরাও সমাবেশে বক্তব্য দেন। সমাবেশে নিউইয়র্কের রিপাবলিকান দলীয় তিনবারের গর্ভনর বলেন, ‘আমরা মার্কিন নাগরিকেরা এখানে এক কণ্ঠে বলতে চাই, ইরানকে রোধ করুন। ওই চুক্তি প্রত্যাখ্যান করুন।’
ইরানেও চুক্তিটির বিপক্ষে আরও সরব হচ্ছে কট্টরপন্থীরা। ইরানের প্রভাবশালী বাহিনী রেভল্যুশনারি গার্ড বলেছে, পরমাণু চুক্তি ইরানের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। তবে ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেছেন, ওই চুক্তির মধ্য দিয়ে ইরানের প্রকৃত ইচ্ছারই প্রতিফলন ঘটেছে।