ইরানের 'আগ্রাসনে' সৌদি আরব চুপ থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর। রয়টার্স
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর। রয়টার্স

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর বলেছেন, ইরানের ‘আগ্রাসনের’ মুখে তাঁর দেশ চুপ করে থাকবে না। দেশের জনগণের সুরক্ষা নিশ্চিত করতে এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় পদক্ষেপ নিতে সৌদি আরব দ্বিধা করবে না।

মিসরের কায়রোয় গতকাল রোববার অনুষ্ঠিত আরব লিগের বিশেষ বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি দেন। আঞ্চলিক বিভিন্ন বিষয় ইরান ‘লঙ্ঘন’ করছে অভিযোগ তুলে সৌদি আরব এই বৈঠক আহ্বান করেছিল।

বৈঠকে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আল-খলিফা বলেন, ইরান-সমর্থিত হিজবুল্লাহ লেবাননের ‘পুরো নিয়ন্ত্রণ নিয়েছে’। এ সময় তিনি হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে অভিহিত করেন। লেবাননের মতো যে দেশগুলোর সরকারের অংশীদার এই সংগঠন, তাদের দায়িত্ববোধের পরিচয় দেওয়ারও আহ্বান জানান বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে একটি কূটনৈতিক সূত্র বলেছিল, ২২ দেশের জোট আরব লিগের বৈঠকে ‘ইরান ও দেশটির সঙ্গে সম্পৃক্ত আরব মিলিশিয়াদের’ বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করার চেষ্টা করছে রিয়াদ।

সুন্নিপন্থী সৌদি আরব ও শিয়াপন্থী ইরান দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে ক্ষমতার দ্বন্দ্বে রয়েছে। সম্প্রতি দুই দেশের মধ্যে বিরোধ আরও বেড়েছে। এর মধ্যে আরব লিগেরই আরেক সদস্য লেবানন ইস্যুকে কেন্দ্র করে এই বৈরিতা এখন চরমে। ৪ নভেম্বর লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি জীবনের শঙ্কা প্রকাশ করে রিয়াদে এক টেলিভিশন বক্তৃতায় পদত্যাগের ঘোষণা দেন। এ সময় তিনি তাঁর দেশে ‘ইরানের ছায়ার’ সমালোচনা করেন।

এ ছাড়া রিয়াদ ও তেহরানের মধ্যে এর আগে থেকেই সিরিয়া ও ইয়েমেন নিয়ে মতবিরোধ রয়েছে।

আরব লিগের বৈঠকে রিয়াদকে লক্ষ্য করে ৪ নভেম্বর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা নিয়ে আলোচনা হয়। রিয়াদে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে সৌদি আরবের প্রতিরক্ষাব্যবস্থা। হুতিরা ইরানের সমর্থনপুষ্ট বলে অভিযোগ রয়েছে। তবে ওই ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় কোনো ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে ইরান।

এ ছাড়া বৈঠকে ১০ নভেম্বর বাহরাইনে পাইপলাইনে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়েও আলোচনা হয়। এ ঘটনার জন্য ইরানের ওপরই দোষ চাপিয়েছে বাহরাইন।

আরব লিগের বৈঠকের আহ্বান জানিয়ে সৌদি আরবের নথিতে ওই ক্ষেপণাস্ত্র ও অগ্নিকাণ্ডের বিষয়টি উল্লেখ করা হয়। সেই সঙ্গে এতে ‘ইরানের লঙ্ঘনের’ কথাও বলা হয়েছে। রিয়াদের মতে, ইরানের কারণে ‘শুধু আরব অঞ্চলেই নয়, বিশ্বজুড়ে নিরাপত্তা ও শান্তি বিঘ্নিত হচ্ছে’। এই অনুরোধপত্রে আরও বলা হয়, বৈঠকের ব্যাপারে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সমর্থন রয়েছে। জিবুতিও সম্মত হয়েছে।