ইরান-ছয় জাতি চুক্তি ঘোষণার অপেক্ষায়
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল সোমবার মধ্যরাতের আগেই ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচির বিষয়ে পাশ্চাত্যের সঙ্গে তেহরানের একটি চূড়ান্ত চুক্তি হওয়ার কথা ছিল। ওই সময়সীমা সামনে রেখে উভয় পক্ষের কূটনীতিকেরা গতকাল সেদিকেই এগোচ্ছিলেন। তবে শেষ মুহূর্তে এই সময়সীমা আজ মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হয়েছে। খবর এএফপি, বিবিসি ও রয়টার্সের।
অস্ট্রিয়ার ভিয়েনায় আলোচনায় ইরান ও ছয় বিশ্বশক্তি যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির কূটনীতিকেরা ১০০ পৃষ্ঠার একটি নথি প্রস্তুত করেছেন বলে খবর পাওয়া গেছে। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি ও দেশটির ওপর থেকে বিভিন্ন আন্তর্জাতিক অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে বিস্তারিত বর্ণনা আছে।
চুক্তি হলে ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের গত ১৩ বছর ধরে চলা বিরোধের অবসান ঘটবে। পাশ্চাত্যের সন্দেহ, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। ইরান বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে।
নাম প্রকাশ না করার শর্তে কূটনীতিকেরা বার্তা সংস্থা এপিকে বলেন, তাঁরা সোমবারের মধ্যেই ঘোষণা দেবেন যে তাঁরা একটি চূড়ান্ত চুক্তিতে উপনীত হয়েছেন। অবশ্য সিএনএন জানিয়েছে, কিছু বিষয়ে মতপার্থক্য থাকায় এ ঘোষণা গতকাল মধ্যরাতের নির্ধারিত সময়ের মধ্যে দেওয়া সম্ভব হয়নি।
ভিয়েনায় অবস্থানরত বিবিসির একজন সাংবাদিক জানান, উভয় পক্ষ যে নথি প্রস্তুত করেছে, তা অনেক বড়। এর ভাষা দৃশ্যত খুবই সূক্ষ্ম। পরবর্তী সময়ে যাতে কোনো পক্ষই নিজেদের প্রতিশ্রুতির বিষয়ে প্রশ্ন না তুলতে পারে, সে বিষয়ে যথেষ্ট সতর্কতার সঙ্গে নথিটি প্রস্তুত করা হয়েছে।
আলোচনার সময় আর না বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন ইরানের একজন আলোচক। ইরানি প্রতিনিধি দলের সদস্য আলি রেজা মিরইউসুফি টুইটারে এক বার্তায় গতকাল বলেন, ‘কেউই আর সময় বাড়ানোর চিন্তা করছেন না। প্রত্যেকেই আজকের মধ্যেই “হ্যাঁ” বলে দিতে কঠোর পরিশ্রম করছেন।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফও ইঙ্গিত দেন, আলোচনার সময় আর বাড়ানো হবে না। তাঁর উদ্ধৃতি দিয়ে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারস-এর খবরে বলা হয়, ‘যতক্ষণ প্রয়োজন, আমরা আলোচনা অব্যাহত রাখতে পারি। কিন্তু, আর সময় বাড়ানো উচিত হবে না।’
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল বলেন, ‘চীন বিশ্বাস করে, কোনো চুক্তিই নিখুঁত নয়। আর আমাদের জন্য একটি ভালো চুক্তিতে উপনীত হতে সব শর্ত এরই মধ্যে ঠিক করা হয়েছে।’ এর আগে গত রোববারই উভয় পক্ষের কূটনীতিকেরা ইঙ্গিত দেন, তাঁরা একটি চুক্তির কাছাকাছি রয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, ‘কঠিন কিছু বিষয়’ এখনো অমীমাংসিত থাকলেও তাঁরা ‘কিছু খাঁটি সিদ্ধান্ত’ পেতে যাচ্ছেন। ভিয়েনা সংলাপের বিষয়ে গতকালই রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দেওয়ার কথা ছিল প্রেসিডেন্ট রুহানির। ভাষণে তিনি সংলাপের সর্বশেষ অবস্থা জাতিকে জানাবেন বলে এক বিবৃতিতে জানানো হয়।