ইরান-ছয় জাতি চূড়ান্ত ধাপের সংলাপ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে পারমাণবিক কর্মসূচি বিষয়ে চূড়ান্ত ধাপের সংলাপ গতকাল মঙ্গলবার অস্ট্রিয়ার ভিয়েনায় শুরু হয়েছে। একটি স্থায়ী সমঝোতার ব্যাপারে বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার মাত্র ছয় দিন আগে এ বৈঠক শুরু হলো। অথচ উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য এখনো বিশাল। খবর এএফপির।
সংলাপ শুরুর আগের দিন সোমবার একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমাদের মধ্যে অনেকগুলো ফাঁক এখনো রয়েছে, যেগুলো বন্ধ করতে হবে। তা করতে পারব কি না, এখনো জানি না।’
বৈঠকে উভয় পক্ষ একটি চুক্তিতে পৌঁছালে ইরানের পক্ষে পারমাণবিক অস্ত্র বানানো দৃশ্যত অসম্ভব হয়ে পড়বে। এর মধ্য দিয়ে দেশটির সঙ্গে পাশ্চাত্যের ১২ বছর ধরে চলে আসা অচলাবস্থার অবসান ঘটবে।
ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে চায় জার্মানি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া ও ফ্রান্স। এ দেশগুলোসহ অনেকের সন্দেহ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে তেহরান বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে। পাশ্চাত্যের দাবির বিপরীতে ইরানের দাবি হচ্ছে, দেশটির ওপর থেকে সব অবরোধ-নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকারের স্বীকৃতি দিতে হবে।
উদারপন্থী হিসেবে পরিচিত হাসান রুহানি ইরানের প্রেসিডেন্ট হওয়ার পর গত বছরের নভেম্বর মাসে উভয় পক্ষের মধ্যে একটি অন্তর্বর্তী চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী, ২০ জুলাইয়ের মধ্যে একটি স্থায়ী চুক্তি করার কথা ছিল। তবে ওই সময়সীমার মধ্যে চুক্তি না হওয়ায় মেয়াদ আরও চার মাস বাড়ানো হয়। সে মেয়াদ শেষ হচ্ছে ২৪ নভেম্বর।
এমন প্রেক্ষাপটে গতকাল স্থানীয় সময় সন্ধ্যা থেকে ভিয়েনায় চূড়ান্ত ধাপের আলোচনা শুরু হয়। এতে অংশ নিচ্ছেন ইরানের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এবং ছয় জাতির পক্ষে প্রধান আলোচক ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথারিন অ্যাস্টনসহ অন্যরা। সংলাপে অংশ নেওয়ার আগে জারিফ বলেন, একটি চুক্তি আসলেই সম্ভব। তবে ‘অত্যধিক দাবি’ যদি না তোলা হয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিসহ অন্য পররাষ্ট্রমন্ত্রীরা চলতি সপ্তাহের শেষের দিকে সংলাপে যোগ দেবেন। কেরি গতকাল লন্ডনে সাংবাদিকদের বলেন, ইরানকে ‘সম্ভাব্য সব চেষ্টা করে’ প্রমাণ করতে হবে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ।