ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের একটি তল্লাশিচৌকিতে গতকাল সোমবার ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ওই ফিলিস্তিনি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।
গতকাল জেনিন শহরের কাছের জালামেহ তল্লাশিচৌকিতে গুলি করে ফিলিস্তিনি হত্যার ঘটনা ঘটে। ইসরায়েলি বাহিনী অভিযোগ করে, ওই ফিলিস্তিনি তাদের একজন সেনাসদস্যকে ছুরি মারার চেষ্টা করেন। এ সময় তাঁকে গুলি করা হয়। গুলিতে ওই ফিলিস্তিনি নিহত হন। ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরেক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।
হেবরন শহরের কাছেই ছুরিকাঘাতের অভিযোগে ইসরায়েলি বাহিনীর হাতে এক ফিলিস্তিনি নিহত হওয়ার এক দিন পরই গতকালের ঘটনাটি ঘটল। চলতি সপ্তাহেই এক দিনে আট মাসের এক শিশুসহ তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আরোপিত নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে গত ১ অক্টোবর থেকে ওই এলাকায় সহিংসতার সূত্রপাত হয়।