ইসরায়েলে ইসলামি সংগঠনের 'উগ্রপন্থী' শাখা নিষিদ্ধ ঘোষণা
জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ ঘিরে সহিংসতায় ইন্ধন জোগানোর অভিযোগে ইসলামি সংগঠন ‘ইসলামিক মুভমেন্ট’-এর একটি ‘উগ্রপন্থী’ শাখাকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। খবর এএফপির।
গতকাল মঙ্গলবার নিষিদ্ধ ঘোষণার এ কথা জানিয়ে ইসরায়েলে সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘কেউ এ সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে বা এর জন্য কাজ করলে কিংবা কেউ এর অধীনে কার্যক্রম চালালে তিনি ফৌজদারি অপরাধী হিসেবে কারাদণ্ডের সম্মুখীন হবেন।’
ইসলামিক মুভমেন্ট মূলত ইসরায়েলের উত্তরাঞ্চলভিত্তিক একটি সংগঠন। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার অসলো শান্তি চুক্তি প্রত্যাখ্যানকারী সংগঠনটি ইসরায়েলের জাতীয় নির্বাচনগুলো বর্জন করে থাকে। তাদের যুক্তি, নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের প্রতিষ্ঠানগুলোকেই বৈধতা দেওয়া হবে।
ইসরায়েলজুড়ে গতকাল পুলিশ ও রাষ্ট্রটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী শিন বেত ইসলামিক মুভমেন্ট এবং এর সহযোগী আরব সম্প্রদায়ের ১৭টি সংগঠনের কার্যালয়ে তল্লাশি চালিয়েছে। এ সময় নগদ অর্থ, নথিপত্র ও কম্পিউটার জব্দ করা হয়।