ইসরায়েলে বিপরীত মেরুর দুই নেতার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনিয়ামিন নেতানিয়াহু ও আইজ্যাক হারজোগ
বেনিয়ামিন নেতানিয়াহু ও আইজ্যাক হারজোগ

ইসরায়েলে আগামীকাল মঙ্গলবারের সাধারণ নির্বাচনে ভোটাররা যদি বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঠিক বিপরীত মেরুর কাউকে বেছে নিতে চান, সেই মানুষটি নিশ্চিতভাবেই হবেন তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী আইজ্যাক হারজোগ। স্বভাবে বিনয়ী হারজোগের রাজনৈতিক পরিচয়ও সমৃদ্ধ।
সর্বশেষ জরিপগুলোর ফল বলছে, নেতানিয়াহু তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হারজোগের চেয়ে পিছিয়ে। গত শুক্রবার রাতে প্রকাশিত দুটি টেলিভিশন চ্যানেলের জরিপে দেখা যায়, লেবার পার্টির প্রধান হারজোগ এবং ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনায় সাবেক প্রধান ইসরায়েলি কূটনীতিক জিপি লিভনির হা নুহা দলের জোট জায়োনিস্ট ইউনিয়ন নেতানিয়াহুর লিকুদ পার্টির চেয়ে অন্তত চারটি আসন বেশি পাচ্ছে। একই দিনে প্রকাশিত দুটি দৈনিক পত্রিকার জরিপেও তেমন আভাসই দেওয়া হয়েছিল।
নেতানিয়াহু ও হারজোগের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত ও প্রথম টেলিভিশন বিতর্ক গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের মূল আলোকপাত ছিল নিরাপত্তা ও কূটনীতি। অবশ্য, নেতানিয়াহু সশরীরে উপস্থিত ছিলেন না। তিনি ভিডিও লিংকের মাধ্যমে এতে অংশ নেন।
মধ্য-বামপন্থী হারজোগ ‘ফাঁকা বুলি আওড়ানো’ বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়ে অনেক দিক থেকেই আলাদা। কেউ কেউ বলে থাকেন, হারজোগের জন-আকর্ষণক্ষমতা বা ‘ক্যারিশমা’ কম। তবে ৫৪ বছর বয়সী এই আইনজীবী বলছেন, নেতানিয়াহু তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পর ইসরায়েলে পরিবর্তনের সময় এসেছে।
হারজোগ সম্প্রতি বামপন্থী পত্রিকা হারেৎজ-কে বলেন, ‘আমি যখন লেবার পার্টির নেতৃত্বের দৌড়ে নামি, তখন লোকে বলল, হারজোগের কোনো ক্যারিশমা নেই, ভোটে তাঁর কোনো সম্ভাবনা নেই।...এরপর এক বছর আগে যখন বললাম, আমিই হব নেতানিয়াহু সরকারের বিকল্প, তারা আমাকে উপহাস করল। অতীতে আমি যেভাবে প্রত্যেককে বিস্মিত করেছি, এবারও আমি সেভাবেই সবাইকে চমকে দিতে যাচ্ছি। সময় এখন আমার।’
নেতানিয়াহুর অধীনে টানা ছয় বছর কাটানোর পর ইসরায়েলিরা এখন নতুন কিছুর জন্য মুখিয়ে। মাসের পর মাস নির্বাচনী প্রচারণা কার্যত একটিমাত্র স্লোগানে রূপ নিয়েছে: ‘বিবি ছাড়া যে কেউ’। ‘বিবি’ নেতানিয়াহুর সমর্থকদের কাছে তাঁর আদুরে নাম।
আইনজীবী হারজোগ ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে প্রথম সদস্য নির্বাচিত হন ২০০৩ সালে। ২০১৩ সালের নভেম্বরে সংকটে জর্জরিত লেবার পার্টির নেতৃত্ব নেওয়ার আগের এক দশকে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারলে রাজধানী তেল আবিবের ঐতিহ্যবাহী এক রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া এই রাজনীতিকের ক্যারিয়ারের ষোলোকলা পূর্ণ হবে।
ফিলিস্তিনের সঙ্গে এক বছর আগে ভেঙে পড়া শান্তি আলোচনা চাঙা করার প্রতিশ্রুতি দিয়েছেন হারজোগ। হারেৎজ পত্রিকাকে বলেছেন, প্রয়োজন হলে তিনি এমনকি ইসরায়েলি বসতিগুলো ‘অপসারণ’ করতেও প্রস্তুত আছেন।