ইসরায়েলের প্রধানমন্ত্রীকে অপহরণ করতে চেয়েছিলেন সাদ্দাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেনাখিম বেগিন। ছবি: দ্য টেলিগ্রাফের সৌজন্যে
মেনাখিম বেগিন। ছবি: দ্য টেলিগ্রাফের সৌজন্যে

ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেন ১৯৮১ সালে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী মেনাখিম বেগিনকে অপহরণের পরিকল্পনা করেছিলেন। ইরাকের পরমাণবিক চুল্লিতে এই ইহুদি রাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে এমনটা করতে চেয়েছিলেন তিনি।

সাদ্দাম হোসেনের আমলের অ্যাটর্নি বাদেই আরেফ এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। শিগগিরই এ তথ্য-সংবলিত তাঁর স্মৃতিকথা প্রকাশ হতে যাচ্ছে। আল-কুদস আল-আরাবির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।

বাদেই দাবি করেছেন, মেনাখিম বেগিনকে অপহরণ করিয়ে বাগদাদে নিয়ে আসার ব্যাপারে সাদ্দামের পরিকল্পনার কথা তিনি গোয়েন্দাপ্রধানদের কাছ থেকে শুনেছিলেন।
ওয়াইনেটনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা এক নেতার কথায় পরে সাদ্দাম হোসেন ওই পরিকল্পনা বাদ দেন বলে বাদেই দাবি করেছেন।

১৯৮১ সালের ৭ জুন ইসরায়েলি যুদ্ধবিমান ৯৬০ কিলোমিটার উড়ে এসে ইরাকের ওসিরাতে নির্মাণাধীন পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়ে পুরোপুরি ধ্বংস করে দেয়। অপারেশন অপেরা বা অপারেশন ব্যাবিলন নামের এই হামলাটি আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনার জন্ম দিয়েছিল। আর ইরাক দাবি করেছিল, সামরিক ব্যবহারের জন্য দেশটি এই চুল্লি নির্মাণ করছিল না।