ইসরায়েলের বিরুদ্ধে নির্বিচারে ফিলিস্তিনি হত্যার অভিযোগ
ইসরায়েল-ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা চলছেই। গতকাল সোমবারও জেরুজালেমের ওল্ড সিটিতে পুলিশের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এদিকে, ইসরায়েল ফিলিস্তিনিদের নির্বিচারে, বিচারবহির্ভূত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা করছে বলে অভিযোগ তুলেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। খবর আল-জাজিরার।
ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র জানান, ওল্ড সিটির প্রবেশমুখে গতকাল এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের চেষ্টা করেন এক ফিলিস্তিনি হামলাকারী। এ সময় তাঁকে গুলি করে হত্যা করা হয়।
কিন্তু এক প্রত্যক্ষদর্শী বলছেন ভিন্ন কথা। ইসরায়েলের পুলিশ যাঁকে হামলাকারী বলছে, তাঁর হাতে কোনো ছুরি ছিল না বলে দাবি করেন ওই প্রত্যক্ষদর্শী। ফিলিস্তিনের এক সংবাদ সংস্থাকে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ঘটনাস্থলে কোনো ছুরিকাঘাতের চেষ্টা হয়নি। ওই এলাকায় হাঁটছেন বলেই তাঁকে হত্যা করা হয়।
এর আগে গত শুক্রবার প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, এক ফিলিস্তিনি নারীকে ঘিরে রয়েছেন কয়েকজন ইসরায়েলি সৈন্য। ছুরি রাখার অভিযোগে কয়েকটি গুলি করা হয় তাঁকে।
ওই ভিডিওতে ধারণ করা কিছু ঘটনাকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বলে মত দেয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত রোববার অ্যামনেস্টির মুখপাত্র মারিয়াম ফারাহ বলেন, ‘নিরস্ত্র নাগরিকদের (ফিলিস্তিনি) বিরুদ্ধে এগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’। আর বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলের ‘নির্বিচার ও উদ্দেশ্যপ্রণোদিত’ গুলি ছোড়ার বিষয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ।