ইসরায়েলের যুদ্ধাপরাধ অবশ্যই তদন্ত করতে হবে: অ্যামনেস্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল সম্প্রতি সামরিক অভিযানে যেভাবে বেসামরিক ভবন ধ্বংস করেছে, তা যুদ্ধাপরাধের শামিল। ওই ঘটনার অবশ্যই তদন্ত করতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল মঙ্গলবার এ কথা বলেছে। খবর এএফপির।
অ্যামনেস্টি বলেছে, ‘অপারেশন প্রটেকটিভ এজ’ নামে ৫০ দিনব্যাপী ওই অভিযানের শেষ চার দিনে ইসরায়েলি বাহিনী যে চারটি বহুতল ভবন গুঁড়িয়ে দেয়, তা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। ওই চারটি ভবনের মধ্যে ছিল রাফা এলাকার মিউনিসিপাল কমার্শিয়াল সেন্টার। সেখানে ছিল একটি বিপণিবিতান, একটি ক্লিনিক ও কিছু কার্যালয়। শত শত পরিবারের জীবিকার অবলম্বন ছিল ভবনটি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক ফিলিপ লুথার বলেন, ‘আমাদের কাছে যেসব তথ্য-প্রমাণ আছে, তাতে দেখা যাচ্ছে, ভবন ধ্বংসের এই বড় ধরনের কাজ পরিচালনা করা হয়েছে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে। এর কোনো সামরিক যৌক্তিকতা ছিল না।’ তিনি আরও বলেন, ‘বাস্তব ময়দান থেকে পাওয়া চিত্র এবং ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতি উভয় ক্ষেত্রের তথ্য-উপাত্তই ইঙ্গিত দেয়, ওই পদক্ষেপ ছিল গাজাবাসীর বিরুদ্ধে সামষ্টিকভাবে শাস্তি দেওয়া। যুদ্ধাপরাধের ঘটনাগুলো অবশ্যই স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে এবং দোষীদের নিরপেক্ষ বিচারের আওতায় আনতে হবে।’