ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেজের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট শিমন পেরেজ ৯৩ বছর বয়সে মারা গেছেন। গতকাল বুধবার সকালে রাজধানী তেল আবিবের কাছে একটি হাসপাতালে অবস্থায় মারা যান তিনি।

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে দুই সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেরেজ। তিনি দুবার প্রধানমন্ত্রী ও একবার প্রেসিডেন্ট ছিলেন। ফিলিস্তিনের সঙ্গে শান্তিচুক্তির উদ্যোগের কারণে ১৯৯৪ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান।

ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, পেরেজের মরদেহ আজ বৃহস্পতিবার শ্রদ্ধা নিবেদনের জন্য পার্লামেন্টের সামনে রাখা হবে।

কাল শুক্রবার জেরুজালেমে শিমন পেরেজের শেষকৃত্যানুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তাঁর স্ত্রী প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন, যুক্তরাজ্যের প্রিন্স চার্লস, পোপ ফ্রান্সিসসহ বিশ্বনেতারা উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের জাতীয় সমাধিস্থল জেরুজালেমের মাউন্ট হার্জলে তাঁকে সমাহিত করা হবে।

পেরেজের মৃত্যুতে শোক প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘দূরদর্শী মানুষ হিসেবে তাঁর দৃষ্টি ছিল ভবিষ্যতের দিকে।’

বারাক ওবামা পেরেজকে ‘প্রিয় বন্ধু’ উল্লেখ করে এক বিবৃতিতে বলেছেন, ‘তিনি জানতেন মঙ্গল কামনাকারী মানুষেরা একসঙ্গে এগিয়ে যেতে পারে।’

বিশ্বের বিভিন্ন নেতা শান্তিতে ভূমিকার জন্য পেরেজের প্রশংসা করলেও সমালোচনার ঊর্ধ্বে ছিলেন না এই নেতা। আল-জাজিরার মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ইয়াহিয়া গানেম বলেন, অনেকেই শিমন পেরেজকে একজন যুদ্ধাপরাধী হিসেবেই মনে রাখবেন।

সাবেক ফিলিস্তিনি শান্তি আলোচক ডায়ানা বুট্টু ফিলিস্তিনি ভূখণ্ডে পেরেজের ইহুদি বসতি নির্মাণের কথা উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ওই কাজ যুদ্ধাপরাধ।