ইসরায়েলের 'যুদ্ধাপরাধের প্রমাণ' দিল ফিলিস্তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের ‘যুদ্ধাপরাধের তথ্য-প্রমাণ’ আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) দাখিল করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।
গত বছর গাজায় হামাসের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর যুদ্ধে দুই হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়। তাদের বেশির ভাগ বেসামরিক মানুষ। এ ছাড়া ইসরায়েলি বাহিনী অনেক বাড়িঘর গুঁড়িয়ে দেয়। ইসরায়েল দাবি করে আসছে, তারা গাজায় কোনো যুদ্ধাপরাধ করেনি।
আইসিসিতে ফিলিস্তিনের তথ্য-প্রমাণ দাখিলের ফলে ইসরায়েল এখন দৃশ্যত বিড়ম্বনায় পড়ল। আইসিসির তদন্তকারীদের সহযোগিতা করা অথবা আদালতটিকে এড়িয়ে চলা—এ দুটির মধ্যে কোনটি বেছে নেবে, সে সিদ্ধান্ত নিতে হবে তাদের।
নেদারল্যান্ডসের হেগে আইসিসিতে তথ্য-প্রমাণ দাখিলের পর ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি জানান, গাজার যুদ্ধ, ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েলের বসতি স্থাপন এবং ইসরায়েলে বন্দি ফিলিস্তিনি নাগরিকদের ওপর নির্যাতনের তথ্য-প্রমাণ তিনি জমা দিয়েছেন।
মালিকি বলেন, ‘ফিলিস্তিন বিচার চায়, প্রতিশোধ নয়।’
গাজায় উভয় পক্ষই যুদ্ধাপরাধ করেছে বলে অতি সম্প্রতি মত দিয়েছে জাতিসংঘ।
আইসিসির নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই। গাজার যুদ্ধে উভয় পক্ষ কোনো অপরাধ করেছে কি না, তা তারা খতিয়ে দেখছে। কিন্তু তথ্য-প্রমাণ দেওয়ার জন্য ইসরায়েলকে বাধ্য করার ক্ষমতা তাদের নেই।