ইসরায়েল-ফিলিস্তিন সফরে সবার নজর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ আবদুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে গতকাল আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (বাঁ থেকে দ্বিতীয়) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান থেকে তৃতীয়), সৌদি বাদশাহ সালমান িবন আবদুল আজিজ আল-সৌদ (ডান থেকে দ্বিতীয়) ও বিশ্বনেতারা l ছবি: ফোকাস বাংলা
সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ আবদুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে গতকাল আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (বাঁ থেকে দ্বিতীয়) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান থেকে তৃতীয়), সৌদি বাদশাহ সালমান িবন আবদুল আজিজ আল-সৌদ (ডান থেকে দ্বিতীয়) ও বিশ্বনেতারা l ছবি: ফোকাস বাংলা

ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার প্রায় ৭০ বছর পরও ফিলিস্তিনিদের কাছে শান্তি এখনো অনেক দূরের পথ। ছয় দিনের আরব-ইসরায়েল যুদ্ধ এবং ইসরায়েলি দখলদারির ৫০ বছর পূর্ণ হয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠার একটি উদ্যোগ ২০১৪ সালে মুখ থুবড়ে পড়ার পর এখনো এ বিষয়ে অচলাবস্থা বিরাজ করছে। ২০০৮ সাল থেকে ইসরায়েল এবং ফিলিস্তিনি সংগঠন হামাস তিন দফা যুদ্ধ করেছে।

এখন পরিস্থিতির উন্নয়নে ট্রাম্পের কি কোনো পরিকল্পনা আছে? ইসরায়েলি-ফিলিস্তিনি বিরোধ নিরসনে তিনি নিজের ব্যবসায়িক দক্ষতা কাজে লাগানোর কথা আগে দু-একবার বলেছেন। তবে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর মাত্র চার মাসের মধ্যেই এ বিষয়ে বিশদ পরিকল্পনা জানাবেন, এমন আশা না করাই সংগত। বরং ট্রাম্প এখন দুই পক্ষকে আরও কাছাকাছি এনে আস্থা বৃদ্ধির চেষ্টা চালাতে পারেন, যদিও এ বিষয়ে বিস্তর সংশয় রয়েছে। ফিলিস্তিনি রাষ্ট্রবিজ্ঞানী আলি আল-জারবাওয়ি বলেন, শান্তি প্রক্রিয়া শুরু করা মানেই তাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া নয়।

প্রশ্ন হলো, ট্রাম্প কি ফিলিস্তিনি এবং ইসরায়েলি কর্তৃপক্ষের মধ্যে দূরত্ব কমাতে পারবেন? ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০১০ সাল থেকে সরাসরি আলোচনায় বসেননি। আব্বাস বলেছেন, তিনি ট্রাম্পের শান্তি প্রচেষ্টার আওতায় নেতানিয়াহুর সঙ্গে বসতে রাজি আছেন।

তবে ট্রাম্প চলতি সফরেই এ রকম আলোচনা আয়োজনে ঘোষণা দেবেন কি না, তা নিয়ে সংশয় আছে। বিশ্লেষকদের অনেকে আপাতত সে রকম সম্ভাবনা দেখছেন না। এখন ট্রাম্প দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মার্কিন অঙ্গীকার ধরে রাখবেন কি না, তা নিয়েও অনেকের উদ্বেগ আছে। কারণ, তিনি ইতিমধ্যে বলেছেন, শান্তির প্রয়োজনে একক রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষও নিতে পারেন তিনি।

মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি বহুদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছে।

সৌদি সফর শেষ করেই ট্রাম্প ইসরায়েল ও ফিলিস্তিনে যাচ্ছেন। ব্যাপারটাকে শান্তি প্রচেষ্টার জন্য গুরুত্বপূর্ণ মনে করা যেতে পারে। হোয়াইট হাউস বলেছে, আরব অঞ্চলের অন্য দেশগুলোর সহায়তা নিয়ে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হতে পারে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত মিসর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ইত্যাদি দেশের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

মুসলিম বিশ্বের একটি বড় অংশ ট্রাম্পকে শুরু থেকেই ইসরায়েল-ঘেঁষা বলে মনে করছে। তিনি অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনের বিষয়ে কী অবস্থান নেন, সেটিই দেখার বিষয়। এত দিন ট্রাম্প ইসরায়েলি নেতৃত্বের সঙ্গে গলা মিলিয়ে ফিলিস্তিনিদের উদ্দেশে বলে এসেছেন, সহিংসতায় উসকানি দেওয়া অবশ্যই বন্ধ করতে হবে।