ইসরায়েল যা করে, আর যা বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনের ব্যাপারে অত্যন্ত সুচতুর ও দক্ষতার সঙ্গে বিশ্ববাসীর সামনে বক্তব্য উপস্থাপন করে ইসরায়েল।
ফিলিস্তিনের ব্যাপারে অত্যন্ত সুচতুর ও দক্ষতার সঙ্গে বিশ্ববাসীর সামনে বক্তব্য উপস্থাপন করে ইসরায়েল।

ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের রাজনীতিবিদ ও কর্মকর্তারা যা বিশ্বাস করেন, তা বলেন না। ঘটনা ও বক্তব্যের মধ্যে যোজন-যোজন ফারাক থাকে। গবেষণাভিত্তিক যোগাযোগ নির্দেশিকা মেনে অত্যন্ত সুচতুর ও দক্ষতার সঙ্গে ইসরায়েল বিশ্ববাসীর সামনে তাদের বক্তব্য উপস্থাপন করে।

আজ রোববার ইনডিপেনডেন্ট পত্রিকায় প্রকাশিত প্যাটরিক ককবার্নের লেখা বিশ্লেষণধর্মী এক নিবন্ধে এ কথা বলা হয়েছে।

নিবন্ধে বলা হয়, আগের চেয়ে ইসরায়েল তাদের জনসংযোগ কৌশল ও দক্ষতা সমৃদ্ধ করেছে। ইসরায়েলের রাজনীতিবিদ ও সরকারের মুখপাত্ররা গণমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে খুবই কৌশলী।

ফিলিস্তিন প্রসঙ্গে গণমাধ্যম ও ইউরোপ-আমেরিকার জনমত প্রভাবিত করতে পেশাদার ও গবেষণামূলক গোপন প্রতিবেদনের আলোকে কাজ করে ইসরায়েল। এ ক্ষেত্রে তারা মার্কিন রিপাবলিকান দলের জরিপ বিশেষজ্ঞ ও রাজনৈতিক কৌশলী ফ্রাঙ্ক লুেজর গবেষণাভিত্তিক যোগাযোগ নির্দেশিকা অনুসরণ করে। পাঁচ বছর আগে ‘দ্য ইসরায়েল প্রজেক্ট’ নামের একটি গোষ্ঠী ওই গবেষণাটি করায়।

২০০৮ সালের ডিসেম্বর ও ২০০৯ সালের জানুয়ারিতে ‘অপারেশন কাস্ট লিড’ সমাপ্তির পর গবেষণামূলক প্রতিবেদনটি তৈরি করেন লুত্জ। ওই অভিযানে এক হাজার ৩৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছিল।

‘দ্য ইসরায়েল প্রজেক্টস ২০০৯ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ডিকশনারি’ শীর্ষক ১১২ পৃষ্ঠার ওই বিবরণীটি বিতরণ ও প্রকাশের ব্যাপারে বিধিনিষেধ রয়েছে। তবে তা নিউজ উইক অনলাইনে ফাঁস হয়।

ফিলিস্তিনের ব্যাপারে ইসরায়েলের প্রকৃত মনোভাব ও নীতি এবং বিভিন্ন বক্তব্যের মধ্যকার কৌশল বুঝতে ওই গোপন প্রতিবেদনটি পড়া জরুরি বলে মত দিয়েছেন ককবার্ন।

বিভিন্ন বিষয়ে ইসরায়েলের মুখপাত্রদের করণীয় ও বর্জনীয় সম্পর্কে পুস্তিকাটিতে নির্দেশনা দেওয়া হয়েছে। ইসরায়েল তাদের বক্তব্যে কোন শব্দ ও শব্দ-সমষ্টি ব্যবহার এবং পরিহার করবে, তার একটি তালিকা দিয়েছেন লুত্জ। ইসরায়েলের মুখপাত্ররা সেটিই এখন দক্ষতার সঙ্গে অনুসরণ ও বাস্তবায়ন করে চলছেন।

শ্রোতাভেদে উত্তর তৈরি করে তেল আবিব। উদাহরণ হিসেবে বলা যায়, প্রকৃত ঘটনা যা-ই হোক না কেন, মধ্যপ্রাচ্য-সংকটের কোনো একটি দিক নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পছন্দ-অপছন্দ অনুসারে ওয়াশিংটনের উদ্দেশে বিবৃতি তৈরি করে তেল আবিব।

লুেজর প্রতিবেদনের বরাত দিয়ে প্যাটরিক ককবার্ন লিখেছেন, যেসব মানুষ দাবি করে, তাদের পছন্দ করে না যুক্তরাষ্ট্র। সুতরাং ওয়াশিংটনকে উদ্দেশ করে ইসরায়েল বলে, ‘ফিলিস্তিনিরা তাদের নিজেদের রাষ্ট্র নিয়েই সুখী নয়। এখন তারা ইসরায়েলের ভেতরে ভূখণ্ড দাবি করছে।’

আমেরিকা ও ইউরোপের উদ্দেশে ইসরায়েল সব সময় উচ্চকণ্ঠে বলে আসছে, ফিলিস্তিনির সঙ্গে শান্তি চায় তেল আবিব। আর এই শান্তি অর্জনে তারা ছাড় দিতে প্রস্তুত। কিন্তু বাস্তবে বিভিন্ন তথ্য ও তেল আবিবের কর্মতত্পরতায় প্রমাণ হয়, শান্তি তাদের চাওয়া নয়। তাদের উদ্দেশ্য ভিন্ন।

তেল আবিব কতটা শান্তি চায়, তার প্রমাণ মেলে গাজার চলমান বর্বর হামলায়। ৮ জুলাই থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলের প্রায় একতরফা হামলায় এক হাজার ৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ছয় সহস্রাধিক ব্যক্তি। বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। হতাহতদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।

১৯৪৮ সালে ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের জন্য ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই স্বাধীন রাষ্ট্রের দাবিতে ফিলিস্তিনিদের সংগ্রামের শুরু। এর পর থেকে নিয়মিত রক্ত ঝরলেও আজও তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বাধীন সত্তা মেনে নিতে রাজি নয় ইসরায়েল।