ইসরায়েল সহযোগিতা স্থগিত করল ইউনেসকোর সঙ্গে
পবিত্র নগরী জেরুজালেম নিয়ে বিতর্কের জেরে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার (ইউনেসকো) সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করেছে ইসরায়েল।
ইউনেসকোর সাম্প্রতিক এক প্রস্তাবে পবিত্র নগরীর সঙ্গে ইহুদিদের সম্পর্ককে অস্বীকার করা হয়েছে এমন অভিযোগ তুলে সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছে ইসরায়েল।
আগামী সপ্তাহে চূড়ান্ত ভোটাভুটির আগে ইউনেসকো দুটি প্রস্তাবনা গ্রহণ করেছে। এতে ‘অধিকৃত ফিলিস্তিন’ শব্দ ব্যবহার করা হয়েছে।
ইউনেসকোর প্রধান ইরিনা বোকোভার কাছে লেখা এক চিঠিতে ইসরায়েলের শিক্ষামন্ত্রী নাফতালি ব্যানেট অভিযোগ করেন, সংস্থাটি জেরুজালেমের সঙ্গে ইহুদিদের হাজার বছরের সম্পর্ক অস্বীকার করেছে। তিনি বলেন, ‘এর পরিপ্রেক্ষিতে আমি ইসরায়েলের ন্যাশনাল কমিশন ফর ইউনেসকোকে বলেছি সংস্থাটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিতে।’
ইসরায়েলের কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ইউনেসকো পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদকে মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে উল্লেখ করেছে। অথচ এটি যে ইহুদিদের কাছে পবিত্র স্থান ‘টেম্পল মাউন্ট’ হিসেবে পরিচিত, তা উল্লেখ করা হয়নি।