ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের বেকাওট এলাকার একটি নিরাপত্তা চৌকির সামনে আজ শনিবার ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওই দুই ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের ছুরিকাঘাত করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ তুলেছে ইসরায়েল। খবর বিবিসি অনলাইনের।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহত ওই দুজনের নাম আলী মোহাম্মদ আকাব আবু মারিয়াম (২৩) ও জুদাহ আবু আল ওফাহ (৩৮)। তাঁদের বাড়ি জেনিন শহরের দক্ষিণের কোনো গ্রামে বলে ধারণা করা হচ্ছে।
ফিলিস্তিনের ওই সংবাদমাধ্যমটিতে বলা হয়েছে, ওই দুই ফিলিস্তিকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে। তবে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী বলেছে, ওই দুজন নিরাপত্তা চৌকিতে অবস্থানরত সেনাদের ছুরিকাঘাতের চেষ্টা করেছিলেন। ইসরায়েলি বাহিনী হামলা প্রতিহত করেছে এবং দুষ্কৃতকারীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। দুই ফিলিস্তিনির মরদেহ ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি সহিংসতার ঘটনায় ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গত অক্টোবর মাসের শুরু থেকে ফিলিস্তিনিদের হামলায় ২২ জন ইসরায়েলি ও এক মার্কিন নিহত হয়েছেন। অন্যদিকে ওই সময় ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৪৯ ফিলিস্তিনি নিহত হন।