অধিকৃত পশ্চিম তীরের শরণার্থীশিবিরে অভিযান চালানোর সময় একজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। দেশটির সেনাবাহিনী বলেছে, গতকাল মঙ্গলবার নাবলুস শহরের কাছে এক শরণার্থীশিবিরে অভিযান চলার সময় ওই ফিলিস্তিনি ছুরি নিয়ে সেনাদের ওপর হামলা চালালে এ ঘটনা ঘটে।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আল-সালাহি। বয়স ৩২ বছর। তাঁকে ‘ঠান্ডা মাথায় খুন’ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নিজের বাড়ির উঠানে মায়ের সামনে আল-সালাহিকে হত্যা করেন ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তারা বলেছেন, নিহত ব্যক্তির শরীরে ছয়টি গুলি পাওয়া গেছে।
অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে অভিযান চালানোর সময় ওই ফিলিস্তিনি ছুরি নিয়ে সেনাসদস্যদের ওপর চড়াও হন। ‘আত্মরক্ষার জন্য’ গুলি ছোড়ে সেনারা।