ইসরায়েলি সৈন্য হত্যার জবাবে নিরপরাধ ইরিত্রীয়কে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে গত রোববার এক আরব-ইসরায়েলি হামলাকারীর গুলি ও ছুরিকাঘাতে এক ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন। হামলাকারীকে হত্যা করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। এ সময় ‘ভুলবশত’ হত্যা করা হয়েছে এক ইরিত্রীয় অভিবাসীকে।

এদিকে সহিংসতা নিরসনে ইসরায়েলি ও ফিলিস্তিনি নেতাদের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণকে ঘিরে অবস্থান পরিষ্কার করা ও করণীয় নির্ধারণে রাজি হওয়া জরুরি বলে গতকাল সোমবার মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। খবর আল জাজিরা ও রয়টার্সের।

রোববার সন্ধ্যায় ইসরায়েলের বিরসেবা বাস স্টেশনে ঘটে সবশেষ হামলার ঘটনা। পুলিশের ভাষ্য, এক হামলাকারী এক সৈন্যের বন্দুক ছিনিয়ে নিয়ে এলোপাতাড়ি গুলি করতে থাকেন। এতে ১৯ বছর বয়সী ওই ইসরায়েলি সৈন্য নিহত হন। পরে ওই হামলাকারীকেও হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, হামলাকারী মুহান্দ আলুকাবি (২১) ইসরায়েলের দক্ষিণাঞ্চলের গ্রাম হুরার বাসিন্দা। এ সময় হামলাকারীর পাশে দাঁড়িয়ে থাকা আরেকজনকেও হামলাকারী সন্দেহে গুলি ও মারধর করা হলে মারা যান তিনি। পরে নিহত ব্যক্তিটি ইরিত্রীয় অভিবাসী বলে নিশ্চিত করে পুলিশ ভুল স্বীকার করে।

সর্বশেষ হামলার ঘটনাটি ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিন ভূখণ্ডে হয়নি। বরং হয়েছে খোদ ইসরায়েলে। ফলে এ ঘটনায় ইসরায়েলিরা প্রচণ্ড ধাক্কা খেয়েছে বলে মন্তব্য করেন বিবিসির মধ্যপ্রাচ্যবিষয়ক প্রতিবেদক কেভিন। গাজা উপত্যকা শাসনকারী হামাস এ ঘটনাকে ‘স্বাভাবিক প্রতিক্রিয়া’ বলে মন্তব্য করেছে। আর ইসলামিক জিহাদ নামে আরেকটি ফিলিস্তিনি দল বলে, ‘ইসরায়েলি অপরাধের নিয়মমাফিক উত্তর’ হলো এ ঘটনা।

ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে ১ অক্টোবর থেকে শুরু হওয়া উত্তেজনায় এ পর্যন্ত আটজন ইসরায়েলি ও ৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সহিংসতা নিরসনে চলতি সপ্তাহের শেষে জার্মানিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও জর্ডানের রাজা আব্দুল্লাহের সঙ্গে পৃথক বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এর আগে গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে আলাপচারিতায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, এলোপাতাড়ি হামলা থেকে নাগরিকদের রক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে। অন্যদিকে ‘পূণ্যভূমি’তে বিদ্যমান অবস্থান বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন নেতানিয়াহু।

পরে জন কেরি সাংবাদিকদের বলেন, ইসরায়েলি ও ফিলিস্তিনি নেতাদের আলাপচারিতার ওপর সামনে এগোনো নির্ভর করছে। তাহলে চলতি সপ্তাহান্তে দুই নেতার সঙ্গে বৈঠকে উত্তেজনার অবসান টানা সহজ হতো বলেও মন্তব্য করেন কেরি।

শুরু থেকেই ফিলিস্তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড, বুলেট ও তাজা গোলাবারুদ ব্যবহার করে আসছে ইসরায়েলি বাহিনী। হামলাকারীরা অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে আসেন—এ অভিযোগ তুলে সেখানে ইসরায়েল তল্লাশি চৌকি বসিয়েছে। আর পুলিশের শক্তিবৃদ্ধির জন্য রোববার সেখানে অতিরিক্ত ৩০০ সৈন্যও মোতায়েন করা হয়। এদিকে পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি জেলা জাবেল মুকাবের ও পার্শ্ববর্তী ইহুদি বসতি পূর্ব তালপিয়টের মধ্যে পাঁচ মিটার (১৬ ফুট) উচ্চতার কংক্রিটের দেয়াল নির্মাণ শুরু করেছে ইসরায়েল।