ইসরায়েলি হামলার জবাব দেওয়ার হুমকি সিরিয়ার
ইসরায়েলকে সতর্ক করে দিয়ে সিরিয়ার সেনাবাহিনী বলেছে, তারা দামেস্কের কাছের সামরিক বিমান ঘাঁটিতে শুক্রবারের বিমান হামলার জবাব দেবে। ওই হামলাকে ‘গর্হিত অপরাধ’ হিসেবে উল্লেখ করে সিরীয় সেনাবাহিনী বলছে, সীমান্তের কাছাকাছি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে।
সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় রকেট হামলা চালাতে সরকারি বাহিনী ওই সামরিক ঘাঁটি ব্যবহার করে থাকে।
সিরিয়ায় হামলার অভিযোগের জবাবে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল সরকার।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, শুক্রবার সকালে দামেস্কের পশ্চিমের ওই সামরিক বিমান বন্দর এলাকায় বেশ কয়েকটি রকেট এসে পড়ে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সেনা কর্তৃপক্ষ বলেছে, মেজেহ বিমান বন্দরে ওই ক্ষেপণাস্ত্রগুলো ছুড়েছে ইসরায়েলি বাহিনী। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, কথিত ওই হামলার ফলে একটি স্থানে আগুন ধরে গেছে। তবে এতে কোনো প্রাণহানি হয়েছে কী না সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, হামলার পরই সেখানে অ্যাম্বুলেন্স ছুটে যায়।
সিরিয়ার সেনাবাহিনী বলেছে, ইসরায়েলি যুদ্ধবিমান থেকেই ওই হামলা চালানো হয়েছে এবং তারা এর জবাব দেবে।
সিরিয়ার এই অভিযোগের জবাবে ইসরায়েল দায় স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি। এর আগেও বিভিন্ন সময়ে সিরিয়া সে দেশে হামলার ব্যাপারে ইসরায়েলকে অভিযুক্ত করেছে। কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করে কখনোই কিছু বলা হয়নি।
ধারণা করা হয়, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর কাছে অস্ত্র পাঠানোর সময় ইসরায়েল দেশটির ওপর বেশ কয়েকবার বোমা হামলা চালিয়েছে। হিজবুল্লাহ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য সিরিয়াতে হাজার হাজার যোদ্ধা পাঠিয়েছে বলে মনে করা হয়।