ইসরায়েলে এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মঙ্গলবার ইসরায়েলের তেলআবিব পৌঁছালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটাই প্রথম ইসরায়েল সফর। নেতানিয়াহু তাঁকে ‘আপকা সোয়াগাত হ্যায় মেরে দোস্ত’ বলে স্বাগত জানান। ঐতিহাসিক এ সফরকে বেশ গুরুত্ব দিয়েছে ইসরায়েল। মোদিকে লালগালিচা অভ্যর্থনা দেওয়া হয়েছে। 

মোদি বলেছেন, তাঁর এ সফরের লক্ষ্য ভারত ও ইসরায়েলের মধ্যে শক্তিশালী এবং স্থিতিশীল অংশীদারত্ব গঠন করা। তিনি একে ‘যুগান্তকারী’ সফর বলছেন।
অভ্যর্থনা অনুষ্ঠানে মোদি বলেছেন, ‘ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েলে এ যুগান্তকারী সফরে আমি গর্বিত। এ সফরের মধ্য দিয়ে দুটি সমাজের শতাব্দী প্রাচীন সম্পর্ক উদ্‌যাপনের পাশাপাশি দুটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ২৫ বছর পালন করা হচ্ছে।’
এ সফরে দুই নেতা সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি যৌথভাবে সন্ত্রাসবাদের মতো পরিচিত সমস্যা সমাধানে কাজ করার ইচ্ছার কথা বলেছেন।
নেতানিয়াহু বলেছেন, দুই দেশের সম্পর্ক জোরদারের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
মোদির এ সফরকে ইসরায়েলের বিষয়ে ভারত সরকারের অবস্থানের অন্যতম মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। মোদির সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
১৯৯২ সালে দুই দেশের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার ২৫ বছর পূর্তিতে ইসরায়েল সফর করছেন মোদি। মোদির এ সফর ঘিরে ভারতসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে নানা খবর প্রকাশিত হয়েছে। বিবিসি লিখেছে, এই সফরকে ইসরায়েলের কাছে ভারতের অবস্থানকে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা বলে মনে করছেন অনেকে।
ভারত ইসরায়েলকে ১৯৫০ সালে স্বীকৃতি দিয়েছে। তবে কূটনৈতিক সম্পর্ক পুরোদমে শুরু করেছে ১৯৯২ সাল থেকে। ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে অ্যারিয়েল শ্যারন ২০০৩ সালে ভারত সফর করেন।
এর আগে বিজেপি নেতা অটল বিহারি বাজপেয়ি সরকারের আমলে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এল কে আদভানি ইসরায়েল সফরে গিয়েছিলেন। যশোবন্ত সিং ও এস এম কৃষ্ণাও দেশটি সফর করেছেন। সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ইসরায়েল সফর করেন।