ইসরায়েলে নিয়ন্ত্রণ প্রত্যাহার নিয়ে ফিলিস্তিনের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে, যাতে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম থেকে ২০১৬ সালের নভেম্বরের মধ্যে ইসরায়েলে নিয়ন্ত্রণ তুলে নেওয়ার কথা বলা হয়েছে। এটিকে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের মর্যাদা এবং জাতিসংঘের পূর্ণ স্বীকৃতি পাওয়ার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। খবর এএফপি ও ফক্স নিউজের।
গত বুধবার পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানান, প্রস্তাবটি গত শুক্রবার জমা দেওয়া হয়েছে। এক মাসের মধ্যেই এর জবাব পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রকে এই প্রথমবারের মতো তার মিত্র ইসরায়েলের ওপর চাপ সৃষ্টিকারী এত জোরালো একটি প্রস্তাব বিবেচনা করতে হবে। স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে এটি নাকচ করে দিতে পারে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের তৈরি করা প্রস্তাবে ইসরায়েলকে ১৯৬৭ সালের ছয় দিনের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে দখল করা ভূমি ফিলিস্তিনিদের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত সাম্প্রতিক কোনো শান্তি আলোচনায় এ রকম শর্তে রাজি হয়নি ইসরায়েল। ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তি, গাজা উপত্যকা থেকে হামাসের নিয়মিত রকেট হামলার মধ্যে ১৯৬৭ সাল-পূর্ব সীমানায় ফিরে যাওয়া তাঁর দেশের জন্য বিপজ্জনক হবে।
এদিকে যুক্তরাষ্ট্র পূর্ব জেরুজালেমে ইসরায়েলের প্রায় আড়াই হাজার নতুন ঘর তৈরির পরিকল্পনার বিরোধিতা করায় নেতানিয়াহু হোয়াইট হাউসের সমালোচনা করেছেন। বুধবার ওয়াশিংটনে ইসরায়েলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ওবামা নতুন গৃহনির্মাণ পরিকল্পনার নিন্দা জানান। গতকাল ইসরায়েলে সরকারি বেতারের খবরে বলা হয়, নেতানিয়াহু তখন ওবামাকে বলেন, ‘তথ্য ও খুঁটিনাটি বিষয় আগে জেনে নিয়ে’ তার পর বিবৃতি দিতে।