ইসরায়েলে রাষ্ট্রদূত পদে ফ্রাইডম্যানের নিয়োগ অনুমোদন
ইসরায়েলে ওয়াশিংটনের রাষ্ট্রদূত পদে সাবেক আইনজীবী ডেভিড ফ্রাইডম্যানের নিয়োগ মার্কিন সিনেট গত বৃহস্পতিবার অনুমোদন করেছে। ট্রাম্পের পছন্দের ফ্রাইডম্যান অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনের সমর্থক।
ফ্রাইডম্যান অতীতে অকূটনীতিক সুলভ বক্তব্যের কারণে সমালোচিত হয়েছেন। মধ্যপ্রাচ্যে দুই রাষ্ট্রভিত্তিক শান্তিপ্রক্রিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার নিয়ে উদ্বেগও জানিয়েছিলেন তিনি। তবে আইনপ্রণেতাদের সামনে গত মাসে এক শুনানিতে অতীতের ‘রূঢ় কথাবার্তার’ জন্য দুঃখ প্রকাশ করেন।
নিয়োগ অনুমোদনের সিনেট ভোটাভুটিতে ফ্রাইডম্যানের পক্ষে ৫২ ও বিপক্ষে ৪৬টি ভোট পড়ে।
ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশে নতুন রাষ্ট্রদূতদের নিয়োগপ্রক্রিয়ায় ধীরগতিতে এগোচ্ছে। ওবামা প্রশাসনের বিদায়ের পর এখনো অন্তত ৭০টি পদ খালি রয়েছে। তবে ইসরায়েলে রাষ্ট্রদূতের পদটি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, এটা ফিলিস্তিন-ইসরায়েল বিরোধের ব্যাপারে নতুন মার্কিন প্রশাসনের অবস্থান তুলে ধরবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর দেশে মার্কিন রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টিকে স্বাগত জানিয়ে বলেছেন, তাঁরা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিনিধিকে ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই উষ্ণ অভ্যর্থনা জানাবেন।