ইসরায়েলের চর সন্দেহে গাজায় ১৮ জনকে হত্যা
ইসরায়েলের গুপ্তচর সন্দেহে গতকাল শুক্রবার ফিলিস্তিনের গাজার পৃথক স্থানে অন্তত ১৮ জনকে হত্যা করা হয়েছে। গাজা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাসের সমর্থক এক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এদিকে হামাসের একজন জ্যেষ্ঠ নেতা এই প্রথম স্বীকার করেছেন, গত জুনে ইসরায়েলের তিন কিশোরকে অপহরণ ও পরে হত্যার ঘটনায় তাঁদের সংগঠন জড়িত ছিল। খবর রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়ার।
প্রত্যক্ষদর্শী ও হামাসপন্থী ওয়েবসাইট আল-মজিদের বর্ণনা অনুযায়ী, ইসরায়েলের দোসর হিসেবে কাজ করছেন—এমন অভিযোগে সাত ফিলিস্তিনিকে গতকাল জুমার নামাজের পর মধ্য গাজার এক চত্বরে প্রকাশ্যে হত্যা করা হয়। এ সময় ওই সাতজনের মাথা কাপড়ে ঢাকা এবং হাত বাঁধা ছিল। মুখোশ পরা একদল বন্দুকধারী জনসমক্ষে তাঁদের গুলি করে হত্যা করে।
এর আগে গতকাল সকালেই গাজার একটি পরিত্যক্ত থানায় অজ্ঞাতনামা বন্দুকধারীরা গুলি করে অন্য ১১ জন সন্দেহভাজন গুপ্তচরকে হত্যা করে।
অভিযোগ রয়েছে, ওই ১৮ সন্দেহভাজন হামাস নেতাদের অবস্থান সম্পর্কে ইসরায়েলি গোয়েন্দাদের তথ্য সরবরাহ করতেন।
এদিকে গত বুধবার তুরস্কে এক সংবাদ সম্মেলনে হামাসের জ্যেষ্ঠ নেতা সালেহ আরুরি বলেন, তাঁদের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড গত জুনে ইসরায়েলের ওই তিন কিশোরকে অপহরণ ও পরে হত্যা করে। এ ঘটনাকে ‘বীরত্বপূর্ণ’ বলে আখ্যা দেন তিনি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ এত দিন অস্বীকার করে আসছিল হামাস। ওই তিন কিশোরকে অপহরণ ও হত্যার অভিযোগ তুলেই গত ৮ জুলাই গাজায় হামলা শুরু করে ইসরায়েল।