ইসরায়েলের বিরুদ্ধে 'প্রত্যাখ্যানের শক্তি' প্রয়োগের প্রস্তাব বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল যেভাবে ‘দমনমূলক শক্তি’ প্রয়োগ করছে, দেশটিকে সভ্য আচরণে বাধ্য করতে ঠিক সেভাবেই জোট-নিরপেক্ষ দেশগুলোর ‘প্রত্যাখ্যানের শক্তি’ প্রয়োগ করা উচিত।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ফিলিস্তিনবিষয়ক কমিটির জরুরি অধিবেশনে এ মন্তব্য করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল সোমবার ইরানের রাজধানী তেহরানে ন্যামের ১১ সদস্যবিশিষ্ট এই কমিটির বৈঠক হয়।
বৈঠকের উদ্বোধন করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। বৈঠকে গাজার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি। ন্যামের সমন্বয় ব্যুরোর সভাপতি হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বৈঠকে সভাপতিত্ব করেন।
গওহর রিজভী তাঁর বক্তৃতায় ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যা ও অব্যাহত সহিংসতার প্রতিবাদে বাংলাদেশের সহমর্মিতা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি রাজনীতিবিদ, কর্মকর্তা ও ব্যবসায়ীদের ভিসা না দেওয়া, অস্ত্র বাণিজ্য চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল এবং ন্যামের সদস্যদেশগুলোর আকাশসীমার ওপর ইসরায়েলের বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপের মতো ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সম্মিলিত শক্তি সংগঠিত করা এবং কঠোর বার্তা দেওয়া উচিত।
গওহর রিজভী বলেন, ইসরায়েলি বর্বরতা এবং আন্তর্জাতিক মানবাধিকারের মূলনীতি লঙ্ঘনের প্রতিবাদে আনুষ্ঠানিক বিবৃতি ও নিন্দা জ্ঞাপনের মতো চিরাচরিত পদক্ষেপের বাইরে কিছু করার সময় এসেছে। ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং অস্ত্রবিরতির ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ধারাবাহিকভাবে অক্ষমতার পরিচয় দেওয়ায় ন্যামের সদস্যদেশগুলোকে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব আনার মতো বিকল্প পন্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করতে হবে।
জরুরি এ বৈঠকে মিসর, দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া, তিউনিসিয়া, লেবানন, সিরিয়া ও ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। এ ছাড়া মালয়েশিয়া, পাকিস্তান, মরক্কো ও জর্ডানের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন।