ইসরায়েলের শহরাঞ্চলে সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পূর্ব জেরুজালেমের আরব-অধ্যুষিত কিছু এলাকায় সড়কে অবরোধ আরোপ করা হয়েছে। ছুরিকাঘাতের ঘটনা বেড়ে যাওয়ায় গতকাল বুধবার এসব পদক্ষেপ নেয় ইসরায়েল। এই নিরাপত্তা কড়াকড়ির তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শিগগিরই ওই এলাকা সফর করতে পারেন। খবর রয়টার্সের।
ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যকার উত্তেজনা সহিংস রূপ নিয়েছে প্রায় দুই সপ্তাহ হলো। চলমান সহিংসতায় এ পর্যন্ত ৩০ ফিলিস্তিনি ও সাত ইসরায়েলি প্রাণ হারিয়েছে। এর মধ্যে ফিলিস্তিনিদের হামলায় গত মঙ্গলবারই মারা যায় তিন ইসরায়েলি। ওই রাতেই ইসরায়েলের মন্ত্রিসভার জরুরি নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নেয় সরকার।
ইসরায়েলের নতুন নিরাপত্তা পদক্ষেপের মধ্যে রয়েছে: নিরাপত্তায় পুলিশকে সহায়তায় শত শত সেনা মোতায়েন, ফিলিস্তিনি হামলাকারীদের বাড়িঘর ধ্বংস ও সম্পত্তি বাজেয়াপ্ত করা, হামলাকারীদের স্থায়ী আবাসিক অধিকার বাতিল করা, ইসরায়েলি পুলিশের অপারেশনাল ফোর্স বাড়ানো, জেরুজালেমে গণপরিবহনের জন্য অতিরিক্ত তিন শ নিরাপত্তারক্ষী সংগ্রহ করা, উত্তেজনাপূর্ণ এলাকার নিরাপত্তাবেষ্টনী বরাবর সেনা মোতায়েন এবং হামলাকারী ফিলিস্তিনিদের লাশ ফেরত না দেওয়া।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভাষ্য, এক দশক আগে সংঘটিত ফিলিস্তিনি অভ্যুত্থানের পর জেরুজালেমে ইসরায়েলের প্রয়োগ করা এটিই সর্বোচ্চ দমননীতি।
ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র বলেন, সাম্প্রতিক হামলার বেশির ভাগই হয়েছে পূর্ব জেরুজালেম এবং এর পাশের ফিলিস্তিনের গ্রামগুলো থেকে বের হওয়ার এলাকায়। তাই সেসব এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়েছে। আর জেরুজালেমের ওল্ড সিটির প্রতিটি প্রবেশমুখে কড়া নিরাপত্তাব্যবস্থাও নেওয়া হয়েছে।
ভারত সব ধরনের সন্ত্রাসের বিপক্ষে: ইসরায়েল সফররত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, ‘আমরা যেকোনো বিতর্কে শান্তিপূর্ণ আলোচনার পক্ষে। সাম্প্রতিক সহিংসতায় আমরা বেদনার্ত।’