ইস্টার সানডেতে বোমা হামলার ঘটনায় সিরিসেনার বিচারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইথ্রিপালা সিরিসেনা
ছবি: এএফপি

শ্রীলঙ্কায় ২০১৯ সালে ইস্টার সানডেতে ধারাবাহিক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঠেকাতে ব্যর্থ হওয়ায় সাবেক প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও তাঁর শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের বিচারের সম্মুখীন করার সুপারিশ করেছেন তদন্তকারীরা। হামলায় ২৭৯ জন নিহত হন। খবর আল-জাজিরার।

২০১৯ সালের ২১ এপ্রিল ইস্টার সানডেতে তিনটি হোটেল ও তিনটি গির্জায় আত্মঘাতী ওই বোমা হামলা চালানো হয়। এ ঘটনার পাঁচ মাস পর একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। গত বছর ক্ষমতা ছাড়েন তিনি। তদন্তকারীরা হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে অবহেলা প্রদর্শনের অভিযোগ করেছেন।

হামলার পর জানা যায়, ভারতীয় গোয়েন্দারা এ রকম হামলা হতে পারে—এমন ইঙ্গিত পেয়ে ঘটনার ১৭ দিন আগেই হামলার ঝুঁকির বিষয়ে শ্রীলঙ্কাকে সতর্ক করেন।

প্রেসিডেনশিয়াল কমিশন অব ইনকোয়ারি তার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছে, হামলা সংঘটিত হওয়ার আগে গোয়েন্দাপ্রধানেরা সিরিসেনাকে এ ব্যাপারে সতর্ক করেছিলেন। কিন্তু হামলা প্রতিহত করতে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় সাবেক এই প্রেসিডেন্ট ও তাঁর গোয়েন্দা কর্মকর্তাদের বিচারের সম্মুখীন করা যৌক্তিক।

তদন্ত কমিশন ৪৪০ জন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছে। পরে তৈরি করা এ-সংক্রান্ত প্রতিবেদন গতকাল মঙ্গলবার পার্লামেন্টে হস্তান্তর করেছে। তদন্ত কমিশন বলেছে, ‘দণ্ডবিধির উপযুক্ত কোনো ধারায় সাবেক প্রেসিডেন্ট সিরিসেনার বিরুদ্ধে ফৌজদারি মামলার কার্যক্রম পরিচালনা করা উচিত।’

সিরিসেনা বর্তমানে শ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের একজন আইনপ্রণেতা। এর আগে তিনি হামলা নিয়ে কোনো সতর্কবার্তা পাওয়ার কথা অস্বীকার করেন। তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর এ নিয়ে তাঁর মন্তব্য জানা যায়নি।

ভারতীয় গোয়েন্দাদের কাছ থেকে হামলার সতর্কবার্তা পাওয়ার পর সম্ভাব্য হামলা ঠেকাতে পদক্ষেপ না নেওয়ায় সিরিসেনার গোয়েন্দাপ্রধান নিলান্থ জয়াবর্ধনেকেও ফৌজদারি অপরাধে অভিযুক্ত করা হয় তদন্ত প্রতিবেদনে। এতে বলা হয়, তিনি ওই গোয়েন্দা তথ্যকে খাটো করে দেখেছেন। এ ছাড়া পুলিশের তৎকালীন মহাপরিদর্শক পুজিথ জয়সুন্দরকেও অবহেলাজনিত অপরাধে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত।

প্রতিবেদনে বলা হয়, সমন্বিত ওই হামলায় অর্থায়ন করে স্থানীয় এক মসলা ব্যবসায়ীর পরিবার। তাঁর দুই ছেলেও আত্মঘাতী হামলায় অংশ নেন। হামলার দুই দিন পর সন্ত্রাসী গোষ্ঠী আইএস এর দায় স্বীকার করে। তবে স্থানীয় হামলাকারী ও আইএসের মধ্যে সরাসরি সংশ্লিষ্টতার কোনো তথ্য পাওয়া যায়নি।