ইস্তাম্বুলে ডেপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ আমিরাতের স্পিকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আহাম্মোদ আল মুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। ফজলে রাব্বী বর্তমানে ওআইসি দেশগুলোর পার্লামেন্টারি ইউনিয়নের দশম সম্মেলন উপলক্ষে তুরস্কের ইস্তাম্বুলে রয়েছেন। সেখানেই তাঁরা বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ থেকে আরব আমিরাতে দক্ষRÿSজনশক্তি আমদানির বিষয়টি গুরুত্ব পায়।

সেখানে ফজলে রাব্বী চার সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি ২২ জানুয়ারি পর্যন্ত সম্মেলনে অংশ নেবেন।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের স্পিকার আল মুর ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের নির্বাচনে সাবের হোসেন চৌধুরী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশ এবং সাবের হোসেন চৌধুরীকে অভিনন্দন জানান। আইপিইউ নির্বাচনে বাংলাদেশকে সমর্থন করায় সংযুক্ত আরব আমিরাতকে আন্তরিক ধন্যবাদ জানান ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকারের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

আলাপকালে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ এবং বিভিন্ন প্রণোদনার বিস্তারিত উল্লেখ করে ডেপুটি স্পিকার বাংলাদেশে বিনিয়োগ করার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানান। তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশ থেকে তৈরি পোশাক, চামড়াজাত দ্রব্য আমদানির জন্য সংযুক্ত আরব আমিরাতকে অনুরোধ জানান।
এ ছাড়া ডেপুটি স্পিকার ও সংযুক্ত আরব আমিরাতের স্পিকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক, মুসলিম বিশ্বের সমস্যাসহ সমসাময়িক বিশ্ব পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

মুসলিম বিশ্বে সংঘটিত কয়েকটি সাম্প্রতিক ঘটনাসহ ইসলামি উম্মাহর সার্বিক পরিস্থিতি নিয়ে তাঁরা মতবিনিময় করেন। ডেপুটি স্পিকার এবং সংযুক্ত আরব আমিরাতের স্পিকার ইসলামের নামে সন্ত্রাসের বিরুদ্ধে তাঁদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।