ইয়াঙ্গুনে আততায়ীর গুলিতে খুন এনএলডির আইনি পরামর্শক
ইয়াঙ্গুনে আন্তর্জাতিক বিমানবন্দরের কার পার্কিংয়ে আততায়ীর গুলিতে খুন হলেন মিয়ানমারের ক্ষমতাসীন এনএলডির আইনি পরামর্শক ও শীর্ষস্থানীয় মুসলিম আইনজীবী কো নি। গতকাল রোববার বিকেলে ইন্দোনেশিয়া সফর শেষে দেশে ফেরার পর তিনি খুন হন। মিয়ানমারের প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র জ তের বরাত দিয়ে দেশটির ইরাবতী পত্রিকা এ খবর জানিয়েছে।
পুলিশের বরাত দিয়ে মিয়ানমারের দৈনিক মিয়ানমার টাইমস জানিয়েছে, কো নির আততায়ী হিসেবে ৫৩ বছর বয়স্ক কাই লিনকে পুলিশ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
মিয়ানমারের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ক্ষমতায় যাওয়ার অনেক আগেই সংবিধান সংশোধনীর কাজ শুরুর সঙ্গে যুক্ত ছিলেন কো নি। মিয়ানমারে জাতীয় বিরোধ মেটাতে কো নি সংবিধান সংশোধনের জোরালো সমর্থনকারীদের মধ্যে অন্যতম।
জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ র্যার্পোটিয়ের ইয়াংঘি লি গতকাল টুইটে কো নির হত্যায় গভীর নিন্দা জানিয়েছেন। তিনি দেশটির সবচেয়ে বিখ্যাত ও সম্মানিত মুসলিম আইনজীবী হত্যায় জড়িত লোকদের বিচারের দাবি জানিয়েছেন।