ইয়েমেনের সমুদ্র উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা থেকে অন্তত ৫০ জনকে জোর করে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে। অধিকাংশ কিশোর-কিশোরী অভিবাসী সোমালিয়া ও ইথিওপিয়ার নাগরিক। এক আদম পাচারকারী গ্রেপ্তার আতঙ্কে এ কাজ করেছে। জাতিসংঘের অভিবাসন সংস্থা এ কথা জানিয়েছে।
নৌকায় মোট ১২০ অভিবাসীকে জোর করে তোলা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, তারা শাবওয়া সমুদ্রসৈকতের অগভীর স্থান থেকে ২৯ জনের লাশ উদ্ধার করেছে, এখনো ২২ জন নিখোঁজ রয়েছে। তাদের গড় বয়স ১৬। টিকে থাকার লড়াইয়ে ইয়েমেনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাড়ি দিয়েছিল এই অভিবাসীরা।
উদ্ধার হওয়া অভিবাসীদের উদ্ধৃতি দিয়ে আইএমওর ইয়েমেন মিশনের প্রধান লরেন্ট ডি বোয়েক বলেন, অভিবাসীদের বহনকারী নৌকাটির নিয়ন্ত্রণে যে আদম পাচারকারী ছিল, সমুদ্রের মাঝে দেশটির কর্তৃপক্ষের কোনো লোককে সে দেখতে পায়। তখন তার মধ্যে সৃষ্ট গ্রেপ্তার আতঙ্ক থেকে সে এই অভিবাসীদের জোর করে সমুদ্রে ফেলে দেয়। তিনি বলেন, এত ছেলেমেয়েকে ডুবিয়ে দেওয়ার বিষয়টি দুঃখজনক। তিনি বলেন, এই সমুদ্রপথে অভিবাসীরা প্রায়ই এ ধরনের দুর্ঘটনার শিকার হয়।
আইওএমের মুখপাত্র অলিভিয়া হিডন রয়টার্সকে বলেন, এই ছেলেমেয়েরা সত্যিই খুব হালকা-পাতলা। সোমালিয়া ও ইথিওপিয়ায় এখন ভীষণ খরা চলছে। এ পরিস্থিতিতে কারও কারও পক্ষে বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়েছে।