ইয়েমেন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে: জাতিসংঘ

ইয়েমেনে কয়েক মাস ধরে চলা সংঘাত দেশটিকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা এ কথা বলেছেন। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রধান আর্থারিন কাজিন বলেন, মানুষের প্রয়োজন মেটানোর জন্য দেশটির বাজারে যথেষ্ট খাদ্য নেই।
তিন দিনের ইয়েমেন সফর শেষে কায়রোতে জাতিসংঘের ওই কর্মকর্তা আরও বলেন, চলমান সংঘাতের কারণে অকালের এলাকাগুলোতে সাহায্য সংস্থাগুলো পৌঁছাতে পারছে না। গুরুত্বপূর্ণ বন্দর এলাকাগুলোতে সংঘাতের কারণে সহায়তা সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে।
সংস্থাটির তথ্যমতে, দেশটির প্রায় এক কোটি ৩০ লাখ মানুষের জরুরি ভিত্তিতে সহায়তা দরকার।
মধ্যপ্রাচ্যের তুলনামূলকভাবে দরিদ্র দেশটিতে গত মার্চ মাসে গৃহযুদ্ধ শুরু হয়। ইরানের সমর্থনপুষ্ট শিয়া হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর থেকে এই সংঘাতের শুরু।
হুতিদের আক্রমণের মুখে ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ রাব্বো মানসুর হাদির দেশ থেকে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেন। ২৬ মার্চ থেকে প্রেসিডেন্ট হাদির সমর্থনে সৌদি আরবের নেতৃত্বাধীন যৌথ বাহিনী হুতিদের বিরুদ্ধে অভিযান শুরু করে।