ইয়েমেন সংকট আরও জটিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিয়াপন্থী হুতি বিদ্রোহীদের উত্থানের মুখে প্রেসিডেন্টসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা পদত্যাগ করায় ইয়েমেনে সংকট আরও ঘনীভূত হয়েছে। দেশটির প্রকৃত নিয়ন্ত্রণ কার হাতে, তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। হুতি যোদ্ধারা প্রেসিডেন্টের পদত্যাগকে স্বাগত জানিয়েছে। এদিকে দেশের দক্ষিণের সুন্নি-অধ্যুষিত চারটি প্রদেশের কর্তৃপক্ষ বলেছে, এখন থেকে তারা সানার কোনো সামরিক আদেশ মানবে না। খবর এএফপি, বিবিসি ও আল-জাজিরার।
ইয়েমেনের প্রস্তাবিত সংবিধানের মাধ্যমে দেশকে দরিদ্র ও ধনী অঞ্চলে বিভক্ত করে ফেলা হচ্ছে, এমন অভিযোগ তুলে উত্তরাঞ্চলভিত্তিক হুতি যোদ্ধারা গত শনিবার থেকে সানায় সশস্ত্র তৎপরতা শুরু করে। সরকারি বাহিনীর সঙ্গে দুই দিন লড়াইয়ের পর তারা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনসহ বেশির ভাগ সরকারি দপ্তরের নিয়ন্ত্রণ নেয়।
হুতিদের দাবি অনুযায়ী, খসড়া সংবিধানে পরিবর্তন আনতে এবং ক্ষমতা ভাগাভাগি করতে প্রেসিডেন্ট আবদুরাবুহ মানসুর হাদি বুধবার সম্মত হন। তবে চুক্তি অনুযায়ী, হুতি যোদ্ধারা গত বৃহস্পতিবারও সরকারি ভবনগুলো থেকে সরে না যাওয়ায় অচলাবস্থার দায় নিতে অস্বীকৃতি জানিয়ে বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী খালিদ বাহাহর মন্ত্রিসভা প্রেসিডেন্ট হাদির কাছে পদত্যাগপত্র জমা দেয়। নিজের ফেসবুক পাতায় দেওয়া এক বিবৃতিতে বাহাহ বলেছেন, এখন ‘যা ঘটছে এবং ঘটতে যাচ্ছে’, তিনি তার অংশ হতে চান না। এর কিছুক্ষণ পরই প্রেসিডেন্ট হাদির পক্ষ থেকে পদত্যাগের ঘোষণা আসে। পদত্যাগের কারণ হিসেবে আল-কায়েদাবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হাদি বলেছেন, দেশ যেখানে ‘সম্পূর্ণ অচলাবস্থা’র মধ্যে, সেখানে তিনি আর দায়িত্বে থাকতে পারেন না। হাদি বলেন, ‘আমি মনে করি, যে লক্ষ্য নিয়ে দায়িত্ব নিয়েছিলাম, তা আমি পূরণ করতে পারিনি।’
নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, পার্লামেন্ট প্রেসিডেন্ট হাদির পদত্যাগ গ্রহণ করেনি। তিনি জানান, পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।
প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার পদত্যাগের সিদ্ধান্তে খুশি হুতি নেতারা। তাঁরা প্রকাশ্যেই এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। হুতিদের আদর্শিক নেতা হিসেবে বিবেচিত আবু আল-মালেক ইউসেফ আল-ফিশি এক টুইটার বার্তায় বলেছেন, এ পদক্ষেপ সব ইয়েমেনি নাগরিকের জন্য খুশির খবর। দেশ এখন ‘নিরাপত্তা, স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি’র দিকে ধাবিত হচ্ছে।
এদিকে হাদির পদত্যাগের ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় ইয়েমেনের দক্ষিণাঞ্চলের চার প্রদেশের কর্তৃপক্ষ এক বিবৃতি দেয়। এডেন, বাবিয়ান, লাজেহ ও ডালেহ প্রদেশ নিয়ে গঠিত এলাকাটি হাদির সমর্থকদের ঘাঁটি হিসেবে পরিচিত। চার প্রদেশের সামরিক ও নিরাপত্তাবিষয়ক দায়িত্বে থাকা কমিটি রাজধানী সানায় হুতিদের উত্থানের নিন্দা জানিয়ে বলেছে, তারা এখন থেকে সানার সব ধরনের সামরিক আদেশ অমান্য করবে। বন্দর নগর এডেনে গতকাল বেশ কয়েকটি বিস্ফোরণের খবরও পাওয়া গেছে।
আল-কায়েদার উত্থানের আশঙ্কা: হুতিদের উত্থানের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার পদত্যাগের ঘোষণার পর ইয়েমেনে কার্যত এখন কোনো সরকার নেই। এই নেতৃত্বের শূন্যতার সুযোগ নিয়ে দেশটিতে আগে থেকেই সক্রিয় জঙ্গি সংগঠন আল-কায়েদা মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।