ইয়েমেনি বিদ্রোহীদের হামলায় নিহত ৩১
ইয়েমেনের দ্বিতীয় শহর এডেনে গতকাল বুধবার বিদ্রোহীদের হামলায় অন্তত ৩১ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। যুদ্ধকবলিত দেশটিতে সর্বোচ্চ পর্যায়ের মানবিক জরুরি অবস্থা জারি করেছে জাতিসংঘ। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির খবরে এসব তথ্য জানানো হয়।
হুতি বিদ্রোহীদের হামলার মুখে কয়েক মাস আগে ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদি দেশ থেকে পালিয়ে প্রতিবেশী সৌদি আরবে যাওয়ার আগে এডেনে আশ্রয় নিয়েছিলেন। তাঁর সমর্থকেরা বিদ্রোহীদের হটাতে এডেনে লড়ছে।
সরকারনিয়ন্ত্রিত এডেনের আল মানসুরা জেলায় গতকাল গোলা নিক্ষেপ করে হুতি ও তাদের মিত্ররা।
ভোর হওয়ার আগে সেহ্রির ব্যস্ত সময় হুতিরা রকেট ছুড়তে শুরু করে। সকালে নতুন করে আবার রকেট ছোড়া হয়।
শহরটির স্বাস্থ্যপ্রধান আল-খাদের লাসওয়ার বলেন, হামলার ঘটনায় তিন নারী ও দুই শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক।
ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলা চলছে।
যুদ্ধকবলিত দেশটির দুই কোটির বেশি মানুষের মানবিক সহায়তা দরকার। এক কোটির বেশি মানুষ খাদ্যসংকটে ভুগছে। এমন পরিস্থিতিতে গতকাল দেশটিতে ছয় মাসের জন্য সর্বোচ্চ পর্যায়ের মানবিক জরুরি অবস্থা ঘোষণা করেছে জাতিসংঘ। দেশটির এক কোটির বেশি মানুষের কাছে সহায়তা পৌঁছানোর পরিকল্পনা করছে সংস্থাটি।