ইয়েমেনে আল-কায়েদার ১৩ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের উপজাতীয় লোকজন গতকাল শনিবার জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার ১৩ সদস্যকে হত্যা করেছে। দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, ওই জঙ্গিরা আবিয়ান প্রদেশের লোদার শহরের একটি সরকারি ভবন দখল করে নিয়েছিল। স্থানীয় সশস্ত্র উপজাতিরা তাদের ওপর হামলা চালায়। দুই ঘণ্টা লড়াইয়ের পর জঙ্গিরা পিছু হটতে বাধ্য হয়।
আল-কায়েদার জঙ্গিরা গত বৃহস্পতিবার আবিয়ানের তিনটি শহরে প্রবেশ করেছিল। স্থানীয় লোকজনের বাধার মুখে তারা শুক্রবারই অন্য দুটি শহর ছেড়ে যায়। ইয়েমেনের শক্তিশালী উপজাতীয় যোদ্ধারা দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশটিতে প্রায় দুই বছর ধরে সরকারি বাহিনী ও শিয়া বিদ্রোহীদের মধ্যে লড়াই চলছে। আল-কায়েদার আরব উপদ্বীপ শাখা (একিউএপি) এই পরিস্থিতির সুযোগ নিয়ে সেখানে প্রভাব বিস্তার করতে চাইছে।
এদিকে, ইয়েমেনে মার্কিন বাহিনীর শনিবারের বিতর্কিত কমান্ডো অভিযান নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। ওই কমান্ডো অভিযানের পর পেন্টাগন একটি জিহাদি ভিডিও অনলাইনে প্রকাশ করে বিতর্কের মুখে কিছুক্ষণ পরই সরিয়ে নেয়। দেখা যায়, ভিডিওটি ১০ বছরের পুরোনো এবং অনলাইনে আগেই বেরিয়েছিল। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র কর্নেল জন টমাস বলেন, তাঁরা জানতেন না যে এটি পুরোনো ভিডিও। ইয়েমেনে আল-কায়েদার বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এটাই প্রথম হামলার নির্দেশ। ওই হামলায় বেসামরিক প্রাণহানিতে সমালোচনা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের এক সেনা নিহত এবং আরও তিনজন আহত হন। হোয়াইট হাউস বলেছে ওই অভিযান ‘সব দিক দিয়ে সফল’।